এক বাংলাদেশি বংশোদ্ভূত গ্রেপ্তার টেক্সাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকসহ দুই ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন৷ তাঁরা হলেন রাহাতুল আশিকিম খান ও মাইকেল টড উলফ৷ দুজনেরই বয়স ২৩ বছর৷ খবর এপি ও রয়টার্সের৷
এই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সোমালিয়া, সিরিয়া ও ইরাকে জঙ্গিদের কারিগরি সহায়তা দেওয়ার চেষ্টা করেছেন তাঁরা৷ অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছর করে সাজা হতে পারে তাঁদের৷ আজ শুক্রবার দুজনের বিরুদ্ধে ওঠা অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হবে৷
সরকারি কেঁৗসুলিরা জানান, গত মঙ্গলবার টেক্সাসের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরের সামনে থেকে মাইকেল টডকে তাঁর স্ত্রী ও দুই শিশু-সন্তানসহ গ্রেপ্তার করা হয়৷ তিনি তুরস্ক হয়ে সিরিয়া ও ইরাকে গিয়ে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন৷
একই দিন রাহাতুলকে গ্রেপ্তার করা হয় অস্টিনের শহরতিল রাউন্ড ককের বাড়ি থেকে৷ তিনি তাঁর পরিবারের সঙ্গে সেখানেই বসবাস করতেন৷ ইউনিভার্সিটি অব টেক্সাসের পূর্ণকালীন এই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১১ সালে এফবিআইয়ের একজন তথ্যদাতাকে সোমালিয়ায় লড়াইরত বিদ্রোহীদের দলে যোগ দেওয়ার চেষ্টা করেন৷
কর্তৃপক্ষ জানায়, রাহাতুলের জিহাদে অংশ নেওয়ার আগ্রহের বিষয়টি অনেকেই জানতেন৷ বিষয়টি তাঁর মা-বাবাকে জানানোর পর এটা নিয়ে পরিবারের সঙ্গেও তাঁর বিরোধ বাধে৷ রাহাতুল ২০০২ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন৷ অনলাইন ঘেঁটে দেখা গেছে, রাহাতুলের মা ফোর্ট হুডে অবস্থিত কার্ল এ ডারনাল হাসপাতালের একজন মনোবিদ৷ বাবা ‘মুসলিম ফর পিস অ্যান্ড ইউনিটি’ নামের একটি সংগঠনের সভাপতি৷