এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গতকাল রোববার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে আসাদুল হক (২৮) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে। তিনি একই উপজেলার ধান্যখোলা গ্রামের আবদুল কাদেরের ছেলে।
বিএসএফের টুঙ্গী ক্যাম্পের সদস্যরা গতকাল সকালে সীমান্তের ৬২ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব-পিলারের পাশে ভারতীয় অংশ থেকে ওই কৃষককে ধরে নিয়ে যান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্র জানায়, আসাদুল গতকাল সকাল সাতটার দিকে বেনীপুর সীমান্তের বিপরীতে শূন্যরেখা থেকে ১০০ গজ ভারতীয় অভ্যন্তরে ঘাস কাটতে যান। ওই সময় বিএসএফের টুঙ্গী ক্যাম্পের সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর নুরুল হক জানান, আসাদুলকে ফেরত পেতে বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আসাদুলকে ধরে নিয়ে যেতে দেখলেও বিএসএফের পক্ষ থেকে তা অস্বীকার করা হচ্ছে।