এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত থেকে শহিদুল ইসলাম নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত রোববার শ্রীরামপুর ইউনিয়নের কিসামত নিজ্জমা সীমান্ত থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়। শহিদুল ওই সীমান্ত এলাকার আজিজার রহমানের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন ভোরে নিজ্জমা সীমান্তের ৮৫৪ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলার সীমান্ত এলাকা দিয়ে ১২-১৪ জন গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন। এ সময় জলপাইগুড়ি ৩৫ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও শহিদুল ইসলাম বিএসএফের হাতে ধরা পড়েন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল খান মোহাম্মদ সালেহ উদ্দিন বলেন, বিএসএফের হাতে আটক ওই ব্যক্তিকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে একাধিকবার পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।