এক বাংলাদেশির প্রতারণার শিকার ৩১ বাংলাদেশি
সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠান ৩১ জন বাংলাদেশি নির্মাণশ্রমিককে বেতন না দিয়ে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির জনশক্তিবিষয়ক মন্ত্রণালয়।
অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি হচ্ছে এইচবিবি ইঞ্জিনিয়ারিং এবং সি-প্লাস ইঞ্জিনিয়ারিং। দুই প্রতিষ্ঠানেরই মালিক এক বাংলাদেশি নাগরিক। নাম এ বি এম রফিকুল ইসলাম। তিনি সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। প্রতিষ্ঠান দুটির বিদেশি শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ।
জনশক্তিবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, গত জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত ৩১ জন বাংলাদেশি শ্রমিক মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে আবেদন করেন। এর মধ্যে ২০ জন এইচবিবি ইঞ্জিনিয়ারিংয়ে কর্মরত এবং বাকি ১১ জন সি-প্লাস ইঞ্জিনিয়ারিংয়ের শ্রমিক। তাঁরা প্রতিষ্ঠান দুটিতে এক বছরের বেশি সময় ধরে কর্মরত। চার থেকে আট মাসের বেতন পাওনা আছে তাঁদের।
মতিন নামের এক শ্রমিক বলেন, তাঁদের মাসে এক হাজার সিঙ্গাপুর ডলার বেতন দেওয়ার কথা। কিন্তু প্রথমে কিছুদিন দেওয়ার পর আর বেতন দেওয়া হচ্ছিল না।
মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা প্রতিষ্ঠান দুটি এবং এর মালিকের বিরুদ্ধে তদন্ত শুরু করছি। দোষী প্রমাণিত হলে বিচারের মুখোমুখি করা হবে। বেতন দেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলোকে চাপ দেওয়া হচ্ছে।