এক বাবুলে সবাই কাবু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্ত সুনিবিড় একটি জনপদ খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়ন। শিবসা নদী ও সুন্দরবনঘেঁষা এ গ্রামের মানুষের প্রধান পেশা কৃষি ও চিংড়ি চাষ। শান্ত এ জনপদেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বাবুল হোসেন ওরফে বাবু গাইন।
ধর্ষণ, কাঠ পাচার, হরিণ শিকার, বনরক্ষীদের মারধর, ঘের দখল, চাঁদাবাজি, অপহরণ—এমন কোনো অপরাধ নেই, যার সঙ্গে জড়িত নন বাবুল। তাঁর এসব কর্মকাণ্ডের প্রধান সহযোগী তাঁরই ভাই কামরুল গাইন।
বাবুলের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। তাঁর কথাই শেষ কথা। এ কারণে এলাকায় যাওয়াই ছেড়ে দিয়েছেন অনেকে। এঁদের মধ্যে খোদ স্থানীয় সাংসদ (পাইকগাছা-কয়রা) নূরুল হকও রয়েছেন। সাংসদের অভিযোগ, সুন্দরবনের কাঠ পাচার থেকে শুরু করে হরিণ শিকার—সব অপকর্মের সঙ্গে বাবুল জড়িত। এলাকার মানুষ অনেকবার তাঁর কাছে অভিযোগ করেছেন। তিনিও পুলিশকে জানিয়েছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে স্মারকলিপিও দেওয়া হয়েছে। কিন্তু বাবুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই।
নূরুল হক অভিযোগ করেন, পুলিশই বাবুলকে সাহায্য করছে। পাইকগাছা থানায় যে ওসিই আসুক, কেউই বাবুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। এ জন্য ওপরের মহলকেই দায়ী করেন সাংসদ।
জানতে চাইলে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, বাবুলের বিরুদ্ধে যত মামলা আছে, তার চেয়ে বেশি মামলা আছে বিপক্ষ লোকের বিরুদ্ধে। পাইকগাছা থানার সব মামলায় বাবুল জামিনে আছেন। র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তারের মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বাবুলের বিরুদ্ধে ১৪টি মামলা ও তিনটি সাধারণ ডায়েরির নথি পাওয়া গেছে। এর মধ্যে চারটি মামলা করা হয়েছে আদালতে।
গত ১০ আগস্ট গড়ইখালী থেকে দেশীয় পিস্তলসহ সন্ত্রাসী বাবুলকে হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব-৬। ৪৭ দিন পর জামিনে ছাড়া পেয়ে তিনি আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। তাঁর অত্যাচারে কোণঠাসা ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরাও। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও তাঁর হাতে লাঞ্ছিত হয়েছেন কয়েকবার।
এলাকাবাসীর অভিযোগ, বাবুলের সন্ত্রাসী কর্মকাণ্ডে পাইকগাছা থানা-পুলিশের পাশাপাশি সাবেক সাংসদ সোহরাব আলী সানাও সহায়তা করছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে সাবেক সাংসদ সোহরাব আলী বলেন, ‘বাবু সম্পর্কে ভাগনে না হলেও সে আমাকে মামা ডাকে। আমিও জানি সে অনেক খারাপ কাজের সঙ্গে জড়িত। তাই এসব মানুষকে আমার ধারে-কাছেও ঘেঁষতে দিই না। বাবু অশিক্ষিত হওয়ায় অনেক মানুষ তাঁকে ব্যবহার করে আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে।’
গড়ইখালীর অর্ধশতাধিক মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় বাবুলের ভয়ে কেই মুখ খুলতে সাহস পান না। মোটা অঙ্কের চাঁদা না দিয়ে কেউ ঘের করতে পারেন না। তাঁর বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা নেয় না পুলিশ। তাই বাধ্য হয়ে অনেকে আদালতে মামলা করেন। কিন্তু সেসব মামলাও ফাইলবন্দী হয়ে আছে। উল্টো বাবুল ও তাঁর বাহিনীর সদস্যদের করা বিভিন্ন হয়রানিমূলক মামলায় জেল খেটেছেন অনেকে। বাবুল ও তাঁর লোকদের করা মামলায় জেল খেটে এখন জামিনে আছেন গড়ইখালী ইউনিয়নের আসলাম গাজী, জাকির সানা, রুহুল আমিন শেখ, হালিম শিকারি ও শহর আলী।
গড়ইখালী বাজারের পাশেই বাবুলের বাড়ি। তাঁর ভয়ে ওই বাজারে যাওয়াই ছেড়ে দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বাসাখালী গ্রামের জাহিদুল ইসলাম। এলাকা ছেড়ে চলে গেছেন বাসাখালী গ্রামের জাকির সানা, মোকছেদ সরদারসহ আরও অনেকে। বাবুলের কুদৃষ্টি থেকে বাঁচতে মহিলা ইউপি সদস্য অঞ্জনা বাছাড় সপরিবারে ভারতেই চলে গেছেন।
এলাকাবাসীর ভাষ্যমতে, ৬ জুন বাসাখালী গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূ আশা বেগমকে বেদম মারধর করেন বাবুল। এরপর প্রচণ্ড রক্তক্ষরণে তাঁর নয় মাসের বাচ্চা পেটেই নষ্ট হয়ে যায়।
গৃহবধূ আশার স্বামী সবুর সানা জানান, চাঁদার টাকা না দেওয়ায় ঘটনার দিন লোকজন নিয়ে তাঁকে মারধর শুরু করেন বাবুল। এ সময় তাঁর স্ত্রী বাধা দিতে এলে তাঁকেও মারধর করা হয়। এতে আশা অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নিতে গেলে তাতেও বাধা দেয় বাবুলের লোকজন। পরদিন পাইকগাছা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা আশার অস্ত্রোপচার করেন। কিন্তু বাচ্চাটি ছিল মৃত।
সবুরের অভিযোগ, এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এরপর বাবুল অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর বিচারের আশায় তিনি ১ সেপ্টেম্বর খুলনা মহানগর হাকিম আদালতে মামলা করেন।
বাসাখালী গ্রামের বাসিন্দা আবদুল মালেক বলেন, প্রায় ৩০ বছর আগে তাঁর গ্রামের ২৩ ব্যক্তি একত্র হয়ে ৩৯৫ বিঘা জমির ওপর একটি চিংড়িঘের করেন। গত ২৮ মে বাবুল তাঁর লোকজন নিয়ে ঘেরটি দখল করেন। এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। র্যাবের হাতে গ্রেপ্তারের আগ পর্যন্ত বাবুল প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার মাছ ধরে নিয়েছেন। বাবুল জামিনে ছাড়া পাওয়ায় তাঁরা এখন আতঙ্কে রয়েছেন।
পূর্ব কুমখালী গ্রামের পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক কাঞ্চন কান্তি বর্মণের অভিযোগ, গড়ইখালীর প্রায় ৮০ শতাংশ মানুষ সনাতন ধর্মাবলম্বী। বাবুল ও তাঁর লোকজন এই সনাতন ধর্মাবলম্বীদের জমি ও ঘের দখল করে নিচ্ছেন। এই বাহিনীকে নিয়মিত মাসোহারা দিতে হয় তাঁদের।
এসব বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে বাবুল তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে জানান, সরকারিভাবে নিলামের মাধ্যমে যেসব সুন্দরী কাঠ বিক্রি হতো, তা নিয়ে তিনি ব্যবসা করতেন। এ-সংক্রান্ত যেসব মামলা হয়েছে, এ কয়েকটিতে তিনি জামিনে আছেন। অনেক মামলায় খালাসও পেয়েছেন। তা ছাড়া অন্য সব মামলা উদ্দেশ্যপ্রণোদিত। তাঁকে ফাঁসানোর জন্য এগুলো করা হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে বাবুল বলেন, ‘এলাকায় রাজনৈতিকভাবে আমার বেশ সুনাম রয়েছে। এ কারণে অনেকেই আমাকে অপছন্দ করেন।’ অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে তাঁর দাবি, ঘেরের বাসায় ঘুমিয়ে থাকার সময় র্যাব তাঁকে ধরে নিয়ে যায়। পরে কে বা কারা তাঁর মাজায় অস্ত্র গুঁজে দেয়।
তবে র্যাব-৬-এর কমান্ডিং অফিসার খন্দকার রফিকুল ইসলাম বলেন, বাবুলকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
উপজেলা পরিষদের প্রতিটি সমন্বয় কমিটির বৈঠকে বাবুলের প্রসঙ্গ ওঠে। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে মন্তব্য করেছেন গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস।