এক বাড়ি থেকে ২১ জনকে অচেতন অবস্থায় উদ্ধার
চাঁদপুরের কচুয়া উপজেলার একটি বাড়ি থেকে গতকাল রোববার ২১ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁদের বাড়ি থেকে কিছু খোয়া যায়নি।
গত শনিবার রাতে বিতারা ইউনিয়নের আলিয়ারা গ্রামের মবিন পাঠানের বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে কচুয়া থানা-পুলিশ জানায়, বাড়িতে চার ভাইবোন তাঁদের পরিবার নিয়ে থাকেন। তাঁরা হলেন মোশারফ হোসেন, ইব্রাহিম হোসেন, ইমান হোসেন ও শিউলি। দুর্বৃত্তরা ঘরের সিঁধ কেটে ঢুকে সবাইকে অচেতন করে ফেলে। এতে চার পরিবারের নারী ও শিশুসহ ২১ জন অচেতন হয়ে পড়েন।
থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গতকাল রোববার দুপুরে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে। এঁদের মধ্যে ছয়জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন এবং তিনজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ১২ জনকে গ্রামেই চিকিৎসা দেওয়া হয়। উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ২১ জন অচেতন থাকায় ঘটনার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আব্দুল মান্নান বলেন, খাবারের সঙ্গে কোনো বিষক্রিয়ায় তাঁরা অসুস্থ হয়েছেন। কমপ্লেক্সে ভর্তি ছয়জন হলেন মোশারফ হোসেন (৩০), সাদিয়া (৭), ওমর ফারুক (১৪), মুসলিমা (২৪), শিল্পী (২৫) ও শিউলি (১৮)।
চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, কোনো অসৎ উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হতে পারে। কারণ, দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকলেও কেউ কোনো কিছু নেয়নি। ঘরের আসবাব ও অন্য সব কিছু ঠিক রয়েছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।