চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় এক বাড়িতেই মেয়র পদে দুই ভাইসহ তিনজন ও কাউন্সিলর পদে চারজন প্রার্থী নির্বাচন করছেন। গত রোববার মনোনয়ন যাচাই-বাছাইয়ে তাঁদের প্রার্থিতা বৈধ হয়েছে।
নির্বাচনী কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জমাদারবাড়ির পাটওয়ারীবাড়ির সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন মেয়র পদে বর্তমান মেয়র ও বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মঞ্জিল হোসেন, তাঁর ছোট ভাই ইমাম হোসেন এবং একই বাড়ির জ্ঞাতি চাচাতো ভাই আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুল হক। একই বাড়ির কাউন্সিলর প্রার্থীরা হলেন তাজুল ইসলাম, আবুল খায়ের, ফিরোজ আলাম ও জাকির হোসেন।
পাশের মুন্সিবাড়ির আবদুল মতিন বলেন, এক বাড়িতেই এত প্রার্থী নিয়ে ওই বাড়ির ভোটাররা বিপাকে রয়েছেন। কে কাকে ভোট দেবেন, এ ব্যাপারে তাঁরা সিদ্ধান্ত নিতে পারছেন না। ১৩ ডিসেম্বরের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেন কি না, সেটাই দেখার অপেক্ষায় সবাই।