এক বিকেলেই ১২০০ গাছ কেটে সাফ
বন বিভাগের জমি অবৈধভাবে দখল করতে নওগাঁর ধামইরহাট উপজেলার দুর্গাপুর ভাঙ্গাদীঘি এলাকায় সামাজিক বনায়নের এক হাজার ২০০টি আকাশমণি ও ইউক্যালিপটাসগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শনিবার বিকেলের ওই ঘটনায় উপজেলা বন কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিক বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ও ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।পুলিশ গত মঙ্গলবার দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে গাছ কাটার অভিযোগে আবদুর রাজ্জাক নামের এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। স্থানীয় বন বিভাগ ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০০৭-২০০৮ অর্থবছরে ধামইরহাট উপজেলা বন বিভাগ সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় উপজেলার দুর্গাপুর মৌজায় প্রায় দুই একর জমির ওপর কয়েক হাজার গাছের চারা রোপণ করে। শনিবার বিকেলে উপজেলার উমার ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের নেতৃত্ব ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কায়দায় আকাশমণি, ইউক্যালিপটাসসহ প্রায় এক হাজার ২০০টি গাছ কেটে ফেলে। গাছ কাটার খবর পেয়ে লক্ষ্মণ চন্দ্র ভৌমিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর ওপর চড়াও হয়। পরে থানা-পুলিশ ও স্থানীয় চকইলাম বিজিবি ক্যাম্পের সদস্যরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।লক্ষ্মণ চন্দ্র ভৌমিক বলেন, গাছগুলোর বয়স প্রায় পাঁচ বছর। আরও বছর পাঁচেক পর এসব গাছের মূল্য প্রায় কোটি টাকা ছাড়িয়ে যেত।