এক বিঘা জমির পেঁপেগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পিয়ারাপুর গ্রামে এক বিঘা জমির ফলবান পেঁপেগাছ মঙ্গলবার রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। জমিটি বর্গা নিয়ে উন্নত জাতের পেঁপে চাষ করেন পিয়ারাপুর গ্রামের মিয়াজুল ইসলাম।একই ইউনিয়নের রামজীবনপুর গ্রামের আবুল কালাম, সেরাজুল ইসলাম, এনামুল হক ও একরামুল হকের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ এনে বুধবার রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন মিয়াজুল।জমির মালিক আসিয়া বেগমের ছেলে জিয়াউল ইসলাম বলেন, ওই জমিসহ একই দাগের আরও ২২ বিঘা জমির মালিক যৌথভাবে তাঁর মা আসিয়া বেগম, খালা মাবিয়া খাতুন ও অন্য এক খালা। আবুল কালাম এক বিঘা জমি কেনেন মাবিয়া খাতুনের কাছ থেকে। কিন্তু অগ্রক্রয় অধিকারের ভিত্তিতেই আসিয়া বেগম আদালতে টাকা দাখিল করেন। আদালত আসিয়া বেগমের পক্ষে রায় দেন ছয় মাস আগে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে তাঁরা জমির দখল নেন। এর জের ধরে আবুল কালাম বাড়ি লুটপাটের মিথ্যা মামলা দায়ের করেন।সদর থানার ওসি গোলাম মর্ত্তুজা জানান, এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। যোগাযোগের চেষ্টা করে আবুল কালামকে পাওয়া যায়নি।