প্রধান বিচারপতি সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ, শিষ্টাচারবহির্ভূত, অশালীন, অসংযত, মিথ্যা অভিযোগ এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই বিচারকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেন।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, জুয়েল রানার বিরুদ্ধে দুটি মামলায় সুপ্রিম কোর্টে অভিযোগ করা হয়। ওই দুটির একটি অভিযোগের বিষয়ে ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান তদন্ত করেন। অপর অভিযোগের বিষয়ে তদন্ত করেন গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর। প্রাথমিক তদন্ত শেষে তাঁরা দুজনই বিচারক জুয়েল রানার বিরুদ্ধে পৃথক তদন্ত প্রতিবেদন দেন। পরে বিষয়টি সুপ্রিম কোর্টের সাধারণ প্রশাসন (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন—জিএ) কমিটিতে উপস্থাপন করা হয়। কমিটি তা পর্যালোচনা করে তাঁকে সাময়িকভাবে বরখাস্তসহ মন্ত্রণালয়ে সংযুক্ত করার পরামর্শ দেয়।
রেজিস্ট্রার জেনারেল আরও বলেন, সাধারণ প্রশাসন কমিটির এ ধরনের পরামর্শের পর জুয়েল রানা রাষ্ট্রপতির বরাবর একটি চিঠি লেখেন। তাতে প্রধান বিচারপতি সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ, শিষ্টাচার-বহির্ভূত, অশালীন, অসংযত এবং মিথ্যা অভিযোগ করা হয়। চিঠিতে সাধারণ প্রশাসন কমিটির বিষয়ে অসম্মানজনক মন্তব্য করা হয়।
সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী গতকাল বিচারক জুয়েল রানাকে সাময়িকভাবে বরখাস্ত করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল রানা প্রধান বিচারপতি সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ, শিষ্টাচার-বহির্ভূত, অশালীন, অসংযত, মিথ্যা অভিযোগ করেছেন। এ ধরনের অভিযোগ প্রধান বিচারপতি সম্পর্কে অসদাচরণের শামিল। এ অবস্থায় জুয়েল রানার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
সুপ্রিম কোর্ট ও মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জুয়েল রানা ঢাকার দেউলিয়া-বিষয়ক আদালতের বিচারক থাকা অবস্থায় একটি দেউলিয়া মামলায় নিলামের বিষয়ে অনিয়ম করে আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে বিচারক জুয়েল রানার বিরুদ্ধে প্রধান বিচারপতির বরাবর লিখিত অভিযোগ করা হয়। ওই অভিযোগের বিষয়ে তদন্ত করেন ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান। তিনি তদন্ত করে আদেশে অনিয়ম হয়েছে উল্লেখ করে সুপ্রিম কোর্টে প্রতিবেদন দেন।
ওই সূত্র জানায়, অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার পর জুয়েল রানাকে দেউলিয়া আদালত থেকে বদলি করে ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা জজ আদালতে স্থানান্তর করা হয়।
আরেকটি অভিযোগের তদন্ত করেন গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর। ওই তদন্তেও দুর্নীতি ও অনিয়মের অভিযোগের সত্যতা মেলে। দুটি অভিযোগের তদন্ত প্রতিবেদন সাধারণ প্রশাসন কমিটিতে উপস্থাপন করা হয়। ওই কমিটি তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ সাময়িক বরখাস্তের সুপারিশ করে। এরপরই বিচারক জুয়েল রানা রাষ্ট্রপতির বরাবর প্রধান বিচারপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তাতে তিনি তাঁর বিরুদ্ধে করা দুটি অভিযোগের তদন্তে প্রধান বিচারপতি প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ করেন।
সার্বিক বিষয়ে বিচারক জুয়েল রানার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।