এক বিচারকের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষ্য দিলেন আসামির জবানবন্দি গ্রহণকারী বিচারক শাহাদাত হোসেন। তিনি এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম থাকাকালে হরকাতুল জিহাদের নেতা মুফতি মঈন ওরফে আবু জান্দালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছিলেন।
গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন এই সাক্ষীর আংশিক গ্রহণ করেন। আদালত ১৬ ফেব্রুয়ারি বাকি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
সাক্ষী শাহাদাত হোসেন বর্তমানে ঢাকার চতুর্থ যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে আছেন। এর আগে এ মামলায় ১০৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আইনজীবী আবু আবদুল্লাহ ভূঁইয়া ও আকরাম উদ্দিন।
গতকাল কারাগারে থাকা আসামি আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ ২৫ জনকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আটজন আসামিও আদালতে হাজির ছিলেন।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। এই গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আহত হন কয়েক শ লোক। ২০০৮ সালের ১১ জুন এ মামলায় ২২ জনকে আসামি করে সিআইডি প্রথম অভিযোগপত্র দেয়। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ মামলার অধিকতর তদন্ত করে ২০১১ সালের ৩ জুলাই তারেক রহমানসহ আরও ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। মোট ৫২ আসামির মধ্যে তারেক রহমানসহ ১৯ জন পলাতক আছেন।