এক বিদ্যালয়, এক শিক্ষক!
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার হাট মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মাত্র একজন শিক্ষককে দিয়ে চলছে। এতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানসহ সার্বিক পরিচালনাকাজ ব্যাহত হচ্ছে চরমভাবে। মাদারগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জোড়খালি ইউনিয়নের ওই বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৫১৫ জন। বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন মাত্র একজন। গত ডিসেম্বরের ২০ থেকে ২৪ তারিখের মধ্যে প্রধান শিক্ষক মন্জুরুল ইসলাম, সহকারী শিক্ষক বিলকিছ বেগম ও সবিতা রানী মোদক বদলি হয়ে অন্য বিদ্যালয়ে চলে যান। অপর একজন সহকারী শিক্ষক আল মামুন প্রায় দুই মাস ধরে চিকিৎসা ছুটিতে আছেন। শিক্ষক কামরুল ইসলাম একাই বিদ্যালয়টির পাঠদান চালিয়ে আসছেন।কামরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের দাপ্তরিক কাজসহ শিক্ষার্থীদের পাঠদান আমাকেই করতে হয়। একই সঙ্গে প্রথম ও দ্বিতীয় শ্রেণী পড়ানো। তারপর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এক কক্ষ থেকে অন্য কক্ষে দৌড়ে দৌড়ে শিক্ষার্থীদের পড়াতে হয়।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান ওই বিদ্যালয়ের একজন শিক্ষক থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শিগগিরই ওই বিদ্যালয়ে অন্তত তিনজন শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা করব।’