এক বিদ্যালয়ে দুই প্রধান শিক্ষক, দুজনই লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর সদর উপজেলার ভবদিয়া এলাকার আলহাজ আবদুল করিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দাবি করছেন দুই শিক্ষক। এ নিয়ে গত শনিবার সকালে দুই শিক্ষককেই লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

প্রধান শিক্ষকের দাবিদার দুজন হলেন সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক আবু ইউসুফ আহাম্মেদ ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জতীশ চন্দ্র দত্ত। আবু ইউসুফকে পুনরায় নিয়োগ দেয় বিদ্যালয় পরিচালনা কমিটি। অপর দিকে জতীশকে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হন আবু ইউসুফ আহাম্মেদ। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডেকে মাঠে জড়ো করেন। এরপর নিজেকে প্রধান শিক্ষক হিসেবে ঘোষণা করেন। এরপর তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করতে গেলে প্রতিপক্ষের লোকজনের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন। খবর পেয়ে আবু ইউসুফের পক্ষের লোকজন বিদ্যালয়ে গিয়ে জতীশ চন্দ্রকে লাঞ্ছিত করেন।

আবু ইউসুফ আহাম্মেদ বলেন, ৪ এপ্রিল তিনি অবসরে যান। কিন্তু তার আগে গত বছরের ১৭ অক্টোবর বিদ্যালয় পরিচালনা কমিটি তাঁর চাকরির মেয়াদ দুই বছর বাড়িয়ে দেয়। এরপর ওই কমিটির সাতজন সদস্য পদত্যাগ করেন। ১ এপ্রিল অ্যাডহক কমিটি তাঁকে অনুমোদন দেয়। এর পরিপ্রেক্ষিতেই তিনি দায়িত্ব নিতে বিদ্যালয়ে যান।

অন্যদিকে জতীশ চন্দ্র দত্ত বলেন, প্রধান শিক্ষক অবসরে যাওয়ায় ইউএনও তাঁকে ৫ এপ্রিল এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেন। এরপর থেকে তিনি দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় গতকাল রোববার দুপুরে বিদ্যালয় মাঠে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী সদরের ইউএনও নুরমহল আশরাফী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক-বর্তমান সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন।

ইউএনও নুরমহল আশরাফী বলেন, শিক্ষকদের লাঞ্ছিত করার বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জতীশ চন্দ্রই আপাতত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে তিনি শিক্ষা কার্যক্রম ছাড়া উন্নয়ন বা নিয়োগসহ অন্য কোনো কর্মকাণ্ড চালাতে পারবেন না। অবসরে যাওয়া আবু ইউসুফের কাছে কাগজপত্র চাওয়া হয়েছে। সেগুলো পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে।