এক বিদ্যালয়ে দুজন প্রধান শিক্ষক!
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচানি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলামকে বরখাস্ত করা হলেও তিনি পদ আঁকড়ে আছেন। ফলে একই পদে নিয়োগ পাওয়া শিক্ষক ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছেন না।এতে করে প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বিদ্যালয়ের অন্য শিক্ষক-কর্মচারীরা। এ কারণে গত অক্টোবর মাসের বেতন-ভাতাসহ ঈদুল আজহার উ ৎসব বোনাস উত্তোলন করতে পারেননি বিদ্যালয়ের ১৭ জন শিক্ষক। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক মো. তাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয় এবং ১ অক্টোবর থেকে সহকারী শিক্ষক মো. আরজ আলীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। গত ২৪ অক্টোবর বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়ে যায়।সহকারী শিক্ষক আরজ আলী বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অভিযোগ করেন, একই সঙ্গে তাজুল ইসলাম পদ আঁকড়ে থাকার চেষ্টা করছেন বলে প্রশাসনিক কর্মকাণ্ডে বাধার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক তাজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু সাঈদ তাঁর বিরুদ্ধে বানোয়াট অভিযোগে এনে তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেন, যা আইনসম্মত হয়নি। তিনি নিজেকে বৈধ প্রধান শিক্ষক হিসেবে দাবি করে বিদ্যালয়ের নিয়মিত কাজকর্ম চালাচ্ছেন বলে জানান। এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবু সাঈদ বলেন, নিরীক্ষা প্রতিবেদনে তাজুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বারবার তাগিদ দেওয়ার পরও তিনি বিদ্যালয়ের পাওনা অর্থ ফেরত দেননি। তাই কমিটির সদস্যরা সভা ডেকে তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেন। বরখাস্তের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।এদিকে দুই শিক্ষকের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন নিয়ে সৃষ্ট জটিলতার কারণে ব্যাংক কর্তৃপক্ষ শিক্ষকদের বেতন-ভাতা ছাড় করতে পারছে না। বিদ্যালয়ের শিক্ষকেরা জানিয়েছেন, তাঁরা বিগত ঈদের প্রাক্কালে বেতন-ভাতা ও উ ৎসব বোনাস উত্তোলন করতে পারেননি। এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।