এক বিদ্যালয়ের বরাদ্দ তুলে নিল অন্যটি
>বিদ্যালয়ের নামটি দরপত্রে ভুল ছিল। আর নামের কিছুটা মিল থাকায় দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুলক্রমে টাকাটা তুলে নিয়েছেন
নামের কিছুটা মিল রয়েছে বিদ্যালয় দুটির মধ্যে। আর এই কারণে একটি বিদ্যালয়ের বরাদ্দের টাকা তুলে নিয়েছে অন্য বিদ্যালয়। তবে নির্ধারিত সময় শেষ হলেও ওই টাকা নিয়ে কোনো বিদ্যালয়ই উন্নয়নকাজ করেনি।
বিদ্যালয় দুটির নাম দত্তগাতী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয়। দুটি বিদ্যালয়ই যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নে অবস্থিত।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্র জানায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০১৫-১৬ অর্থবছরে ৪০ হাজার টাকা ব্যয়ে দত্তগাতী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ঘরে নতুন টিন লাগানোর জন্য দরপত্র আহ্বান করা হয়। কিন্তু দরপত্রে ভুলে বিদ্যালয়টির নাম উল্লেখ করা হয় দত্তগাতী উচ্চবিদ্যালয়। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামান অ্যান্ড ব্রাদার্স। ঠিকাদার গত মে মাসে ৪০ হাজার টাকা তোলেন। এরপর তিনি ৩০ হাজার টাকা দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দেন। প্রধান শিক্ষক কাজ না করে বরাদ্দের টাকা নিজের কাছে রেখে দেন।
পায়রা ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম বলেন, দরপত্রে বিদ্যালয়ের নাম ভুল ছিল। মূলত দত্তগাতী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ওই টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু ভুলক্রমে দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টাকাটা তুলে নিয়েছেন। তিনি এখন আর টাকা ফেরত দিতে চাচ্ছেন না।
সূত্র জানায়, কাজের মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। অথচ কাজ করা হয়নি। চলতি মাসের শুরুর দিকে বিষয়টি জানাজানি হওয়ার পর এলজিইডির দপ্তর থেকে সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে টাকা ফেরত দিতে বলা হয়। ঠিকাদারও টাকা ফেরত পেতে চেষ্টা করেন। কিন্তু প্রধান শিক্ষক এখনো টাকা ফেরত দেননি।
দত্তগাতী বালিকা মাধ্যমিক বিদ্যালয় সূত্র জানায়, বিষয়টি তারা জানতে পারে ১৩ জুলাই। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে টাকা দাবি করলে তিনি দিতে চাননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উত্তম মণ্ডল বলেন, বিদ্যালয়ের নামটি দরপত্রে ভুল ছিল। আর নামের কিছুটা মিল থাকায় দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুলক্রমে টাকাটা তুলে নিয়েছেন। চাওয়ার পরও তিনি টাকা ফেরত দিচ্ছেন না।
দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবেন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘টাকা আমার বিদ্যালয়ের নামে বরাদ্দ। কাজটি ভালোভাবে করার জন্য মে মাসে লিখিত দিয়ে ঠিকাদারের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছি। ওই টাকা দিয়ে বিদ্যালয়ের জানালা-দরজা ঠিক করেছি। মাঝে একদিন ঠিকাদার বলছিলেন টাকাটা দত্তগাতী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নামে বরাদ্দ। পরে উনি আর কিছুই বলেননি।’
মেসার্স জামান অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী ওহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘দরপত্রে বিদ্যালয়ের নাম ভুল ছিল। এ কারণে দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের নামে টাকাটা চলে গেছে। বিদ্যালয়ের কমিটি কাজ করতে চাওয়ায় আমরা প্রধান শিক্ষকের কাছ থেকে লিখিত নিয়ে ভ্যাট ও লভ্যাংশের টাকা বাদ দিয়ে ৩০ হাজার টাকা তাঁকে দিয়েছিলাম। অবশ্য আজ (গতকাল) উনি টাকাটা ফেরত দিতে রাজি হয়েছেন।’ উপজেলা প্রকৌশলী শামসুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের নামের ভুলের কারণে এমনটা হয়েছে। টাকাটা ফেরত আনার জন্য আমরা চেষ্টা করছি।’