এক বিভাগের শিক্ষক দিয়ে অন্য বিভাগে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের দুটি বিভাগে অনভিজ্ঞ দুজন শিক্ষক দিয়ে পাঠদান করানোর অভিযোগ পাওয়া গেছে। এ কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।কেন্দ্র সূত্রে জানা গেছে, অটোমেকানিক্স বিভাগের (ট্রেড) প্রধান প্রদীপ কুমার করকে গত ৭ জুন শাস্তিমূলকভাবে প্লাস্টিক টেকনোলজি বিভাগে এবং প্লাস্টিক টেকনোলজি বিভাগের প্রধান এসএম ছাদরুল কবীরকে অটোমেকানিক্স বিভাগে বদলি করা হয়। বদলির ওই আদেশে বলা হয়েছে, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে সিনিয়র ইন্সট্রাকটর (অটোমেটিভ) প্রদীপ কুমার করকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অটোমেটিভ ট্রেড থেকে প্রত্যাহার করে প্লাস্টিক টেকনোলজি বিভাগের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হলো। অপর এক আদেশে বলা হয়, সিনিয়র ইন্সট্রাকটর (প্লাস্টিক) এসএম ছাদরুল কবীরকে অটোমেটিভ ট্রেডের বিভাগীয় প্রধানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।প্লাস্টিক ও অটোমেটিভ বিভাগের শিক্ষার্থীরা জানায়, ওই দুই শিক্ষকের পাঠদান তাঁদের মোটেও ভালো লাগছে না। শিক্ষকেরা পাঠ্যসূচির বাইরের আলোচনা করতেই বেশি আগ্রহী। শিক্ষকদের হাতে পরীক্ষার নম্বর রয়েছে, তাই জোর গলায় প্রতিবাদ করা যাচ্ছে না। সূত্র জানায়, ২০০৭ সালের ১৫ মার্চ পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে যশোর কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে শিক্ষক নিয়োগ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা আছে, প্লাস্টিক টেকনোলজির শিক্ষক পদের জন্যে মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/পাওয়ার/কেমিক্যালে ডিপ্লোমাসহ শিল্প কারখানায় কাজের পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকেতে হবে। এছাড়া ডিজেল/ অটোমেকানিক্স ট্রেডের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রযুক্তিতে ডিপ্লোমা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেডে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু গত ৭ জুন দুটি ট্রেডের বদলী হওয়া শিক্ষকদের কারোরই সংশ্লিষ্ট ট্রেডে বাস্তব অভিজ্ঞতা নেই। এ বিষয়ে প্রদীপ কর প্রথম আলোকে বলেন, ‘প্লাস্টিক টেকনোলজি সম্পর্কে আমার তেমন ধারণা নেই। যার জন্যে ওই ট্রেডের শিক্ষার্থীরা আমার কাছ থেকে ভালো প্রশিক্ষণ পাচ্ছে না। আমি মূলত, অটোমেকানিক্স ট্রেডের প্রশিক্ষক। আমাকে সায়েস্তা করার জন্যেই প্লাস্টিক ট্রেডে বদলী করা হয়েছে।’এ ব্যাপারে অধ্যক্ষ মো. আখতারুজ্জামান বলেন, ‘সার্ভিস রুল মেনেই দুই শিক্ষককে দুই বিভাগে অদল-বদল করা হয়েছে।’ প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে প্রদীপ করকে শাস্তিমূলকভাবে অটোমেকানিক্স বিভাগ থেকে সরিয়ে প্লাস্টিক টেকনোলজি বিভাগে আনা হয়েছে বলে তিনি দাবি করেন। সূত্র আরো জানায়, এখানে এসএসসি (ভোকেশনাল) কোর্সে ২২০ জন ও ছয় মাস মেয়াদি ছয়টি ট্রেডে ২৩০ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। কেন্দ্রের দুজন শিক্ষকের বিরুদ্ধে গত ১৫ মে অটোমেকানিক্স বিভাগের দশম শ্রেণীর দুই ছাত্রীকে প্রতিষ্ঠানের একটি কক্ষে আটকে বেদম মারপিটের অভিযোগ ওঠে। ওই ঘটনার জের ধরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একপর্যায়ে কেন্দ্রটি কয়েকদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এ ব্যাপারে অধ্যক্ষ আকতারুজ্জামান বলেন, শিক্ষার্থী নির্যাতনের সময় আমি ছুটিতে ছিলাম। যোগদানের পরে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত প্রদীপ কুমার করকে অন্য বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া অপর দুই শিক্ষক সিরাজুল ইসলাম ও বাবুল আকতারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রাণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।