নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকসংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। এক বিষয়ের শিক্ষক দিয়ে চলছে অন্য বিষয়ের পাঠদান। এতে শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নেওয়ার চাপ পোহাতে হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে বারবার জানালেও কোনো কাজ হয়নি।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৮৮২ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে এক হাজার ১৬৫ জন শিক্ষার্থী আছে। ২০১৩ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডে বিদ্যালয়টি সেরা ২০-এর তালিকায় ১৫তম এবং ২০১৪ সালে দশম স্থান অধিকার করে। দুই পালায় চলা শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ৫০ জন সহকারী শিক্ষকের পদ থাকলেও আছেন ৩৮ জন। এর মধ্য থেকে আবার তিনজন রয়েছেন প্রশিক্ষণে। সহকারী প্রধান শিক্ষকের দুটি পদই খালি রয়েছে।
নবম শ্রেণির ছাত্র সুমন ইসলাম বলে, ‘আমাদের নিয়মিতই ক্লাস হচ্ছে। তবে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে এক বিষয়ের শিক্ষক দিয়ে অন্য বিষয় পড়ানো হচ্ছে। এতে পড়ার মান ভালো হচ্ছে না। ফলে বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং আর প্রাইভেট পড়তে হচ্ছে।’
ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক আবদুল ওয়াদুদ বলেন, ‘শিক্ষকসংকটের কারণে আমাদের বাড়তি ক্লাস নিতে হচ্ছে। আমার বিষয় ছাড়াও প্রধান শিক্ষক যখন যে ক্লাস নিতে বলেন নিতে হয়।’
প্রধান শিক্ষক আবু নূর মো. আনিসুল ইসলাম চৌধুরী বলেন, ইসলাম ধর্মের তিনজন শিক্ষকের পদে আছেন একজন, আটজন ইংরেজি শিক্ষকের পদে আছেন তিনজন, শারীরিক শিক্ষা বিষয়ে দুটি পদে আছেন একজন এবং গণিতের তিনজন শিক্ষকের মধ্যে একজন নেই। এ ছাড়া এক বছরের জন্য বিএড প্রশিক্ষণে গেছেন রসায়নের একজন, পদার্থবিজ্ঞানের একজন এবং চারুকলার একজন। শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নেওয়া সম্পর্কে তিনি বলেন, ‘বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় অন্য শিক্ষকদের দিয়ে পাঠদান করাতে হচ্ছে। এতে ওই শিক্ষকদের নিজেদের নির্ধারিত ক্লাস নেওয়ার পরও বাড়তি ক্লাস করাতে বাধ্য হচ্ছি। শিক্ষকসংকট নিয়ে বারবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখেও লাভ হচ্ছে না।’