এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে। তবে তাদের ২০১২ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ সময়ে এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন স্থগিত থাকবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে।শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এ-সংক্রান্ত নির্দেশনায় এসব তথ্য রয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, ২০১০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ২০১১ সালের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে নবম শ্রেণীতে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে যারা এবারও অকৃতকার্য হয়েছে, তাদের অবশ্যই ২০১২ সালে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে আবার জেএসসি ও জেডিসি পরীক্ষা দিতে হবে।জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘তাদের একটি সুযোগ দেওয়া হলো। আমরা চাই না অকৃতকার্যদের এমন সুযোগ দিতে। ভবিষ্যতে এ সুযোগ না দেওয়ার চিন্তাভাবনা রয়েছে।’