এবার এসএসসি পরীক্ষায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মর্তুজাপুর উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১৫ শিক্ষার্থীর রসায়ন বিষয়ে ক্রস চিহ্ন এসেছে। এতে ফলাফল নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার এই স্কুলের বিজ্ঞান বিভাগে ২৩ জন ও মানবিক বিভাগে ৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গত বুধবার প্রধান শিক্ষক কেন্দ্র থেকে ফলাফল নিয়ে বিদ্যালয়ে যান। পরে ফলাফল ঘোষণার সময় দেখতে পান রোল নম্বরের ক্রমানুসারে ১৫ জন শিক্ষার্থীর প্রত্যেকেই দু-একটি বিষয় ছাড়া সব কয়টিতে এ প্লাস পেয়েছে। তবে রসায়ন বিষয়ে সবারই ক্রস চিহ্ন এসেছে। এ ফলাফল শোনার পর শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকজন অভিভাবকও কান্নায় ভেঙে পড়েন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা প্রথম আলোকে জানান, ফলাফলের শিটে রসায়ন বিষয়ে ক্রস চিহ্ন এসেছে। এর পরিবর্তে এফ চিহ্ন এলেও আবার পরীক্ষণের জন্য আবেদন করা যেত। অন্য আট শিক্ষার্থীর মধ্যে পাঁচজন এ প্লাস পেয়েছে। মানবিক বিভাগে শতভাগ পাস করেছে। ত্রুটিপূর্ণ ফলাফল সংশোধন হলে বিজ্ঞান বিভাগেও শতভাগ পাস করবে।
গত বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামছুল কালাম আজাদ বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে এ রকম হতে পারে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কেন্দ্রের ব্যবহারিক পরীক্ষার নম্বর ও উপস্থিতিপত্রের কপি নিয়ে প্রধান শিক্ষক যোগাযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।