এক বিষয়ের বদলে অন্য বিষয়ের প্রশ্নপত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে গতকাল বুধবার ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় নির্ধারিত বিষয়ের প্রশ্নপত্রের পরিবর্তে অন্য বিষয়ের প্রশ্নপত্র সরবরাহ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়। এক বিষয়ের বদলে অন্য বিষয়ের প্রশ্নপত্র দেখে শিক্ষকেরা হতবাক হয়ে পড়েন। পরে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর গতকালের পরীক্ষা স্থগিত করা হয়। জানা গেছে, গতকাল ছিল ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলার পর শিক্ষকেরা দেখতে পান সাধারণ বিজ্ঞানের প্রশ্নপত্রের বদলে সামাজিক বিজ্ঞানের প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুনের নির্দেশে উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ ভৌমিক জানান, এক বিষয়ের পরিবর্তে অন্য বিষয়ের প্রশ্নপত্র ভুলবশত সরবরাহ করায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুন বলেন, ‘ভুল আমাদের নয়। যে প্রেস থেকে প্রশ্নপত্র ছাপানো হয়েছে তারা ভুল করে সাধারণ বিজ্ঞানের পরিবর্তে সামাজিক বিজ্ঞানের প্রশ্নপত্র সরবরাহ করেছে।’ তিনি জানান, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের পরীক্ষা চলতি মাসের ৭ তারিখে অনুষ্ঠিত হবে।