এক বিষয়ের শিক্ষক দিয়ে অন্য বিষয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও ইসলামিয়াতের শিক্ষক দিয়ে বাংলা, সামাজিক বিজ্ঞান ও গণিতের শিক্ষক দিয়ে চারুকলা এবং ইংরেজি ও বাংলার শিক্ষক দিয়ে ধর্ম বিষয়ে পাঠদান করানো হচ্ছে। কোনো বিষয়ে প্রয়োজনের তুলনায় শিক্ষক কম ও কোনো বিষয়ে বেশি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১২টি বিষয়ের মধ্যে পাঁচটিতে প্রয়োজনীয়-সংখ্যক শিক্ষক নেই। অন্যদিকে অপর পাঁচটি বিষয়ে রয়েছেন প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক। বাংলা বিষয়ে আটটি পদের বিপরীতে শিক্ষক আছেন তিনজন। ইংরেজি বিষয়ে আটটি পদের বিপরীতে শিক্ষক আছেন ১০ জন। গণিতের ছয় পদে আছেন আটজন। সামাজিক বিজ্ঞানে চার পদের বিপরীতে আছেন সাতজন। এ ছাড়া ভৌতবিজ্ঞানে চার পদে তিনজন, জীববিজ্ঞানে চার পদে দুজন, ভূগোলে দুই পদে তিনজন, ইসলামিয়াতে চার পদে পাঁচজন, শারীরিক শিক্ষায় দুই পদে তিনজন শিক্ষক রয়েছেন। চারুকলা বিষয়ের দুটি পদই শূন্য। শত নম্বরের হিন্দু ও খ্রিষ্টান ধর্ম বিষয়ে সপ্তাহে ৪৫টি করে ক্লাস থাকলেও শিক্ষকের কোনো পদই সৃষ্টি করা হয়নি।শিক্ষকেরা জানান, বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে সপ্তাহে ৭৫টি করে ক্লাস (পাঠদান) রয়েছে। বাংলা বিষয়ের তিনজন শিক্ষক দিয়ে এতগুলো ক্লাস করানো সম্ভব হচ্ছে না। এদিকে ইংরেজি বিষয়ের ১০ জন শিক্ষকের জন্যে ৭৫টি ক্লাস কম হয়ে যায়। যার জন্য ইংরেজির শিক্ষক দিয়ে অন্য বিভাগের ক্লাস করানো হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহম্মদ গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ে ৫০ জন শিক্ষকের বিপরীতে ৫০ জনই রয়েছে। কিন্তু বিষয়ভিত্তিক পদের সমন্বয় ঘটানো হয়নি। যার জন্য এক বিষয়ের শিক্ষক দিয়ে অন্য বিষয়ের পাঠদান করাতে হচ্ছে। বর্তমানে এ বিদ্যালয়ে তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত দিবা ও প্রভাতী শাখায় প্রায় দুই হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। দশম শ্রেণীর শিক্ষার্থীরা জানায়, অন্য বিষয়ের শিক্ষকেরা যখন বাংলার ক্লাস নেন, তখন আর ক্লাস করতে ভালো লাগে না। প্রধান শিক্ষক মুহম্মদ গোলাম মোস্তাফা এ প্রসঙ্গে বলেন, সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক দিয়ে পাঠদান করানোর জন্য সম্প্রতি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) শফিকুর রহমান নির্দেশ দিয়েছেন। কিন্তু পদের সমন্বয় না থাকার কারণে ওই নির্দেশ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক দিয়ে পাঠদান করানোর নির্দেশ দেওয়া হয়েছে। পদের সমন্বয় না থাকার কারণে অনেক স্কুলে সেটি সম্ভব হচ্ছে না—এমন তথ্য তাঁদের কাছেও আছে। বিষয়টি দেখার জন্য খুলনা অঞ্চলের উপপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের উপপরিচালক টি এম জাকির হোসেন সম্প্রতি প্রথম আলোকে বলেন, খুলনা অঞ্চলে বিভিন্ন বিষয়ে অন্তত ৮০ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত বিষয়ভিত্তিক পদের সমন্বয় ঘটানো সম্ভব হবে না। তা ছাড়া শিক্ষক সমন্বয় করার জন্য যে বিদ্যালয়ে পদের তুলনায় বেশি ও কম শিক্ষক রয়েছে, সেখান থেকে তো কাউকে না-কাউকে সরিয়ে অন্য বিদ্যালয়ে দিতে হবে। এ কাজটি যখনই করতে যায় তখন রাজনীতিকদের কাছ থেকে নানা ধরনের চাপ ও তদবির আসতে থাকে। এটিও সমন্বয় না করতে পারার একটি বড় কারণ বলে তিনি উল্লেখ করেন।