এক বীরশ্রেষ্ঠর বীরত্বগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ডিসেম্বরে যুদ্ধনাট্যের কুশীলবেরা সক্রিয় হয়ে ওঠে। রূপ পেতে থাকে ইতিহাসের এক চমকপ্রদ কালখণ্ড। বিজয়ের আগে আগে ঘটে যাওয়া কিছু খণ্ডচিত্রে স্বাধীনতাযুদ্ধের ইতিহাস তুলে ধরা হলো

বিজয়ের মাস
বিজয়ের মাস

৭ ডিসেম্বর বাংলাদেশের নৌবাহিনীর দুটি গানবোট—পদ্মা ও পলাশ—যাত্রা করে খুলনার উদ্দেশে। নেতৃত্বে ভারতীয় রণতরি আইএনএস পানভেল। লক্ষ্য, বিএনএস তিতুমীর দখল করা। ৮ ডিসেম্বর সকাল আটটায় সাতক্ষীরার সীমান্তবর্তী নদী রায়মঙ্গল পেরোনোর পর নাবিকেরা জাতীয় সংগীতের সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। ৯ ডিসেম্বর রাতে হিরণ পয়েন্ট পেরিয়ে ১০ ডিসেম্বর সকাল সাড়ে সাতটায় পানভেলসহ তিনটি রণতরি মংলা বন্দরে পৌঁছায়। বন্দরের শ্রমিক ও স্থানীয় জনতা তাঁদের অভিনন্দন জানান। এলাকা মুখরিত হয়ে ওঠে ‘জয় বাংলা’ ধ্বনিতে।

চূড়ান্ত অভিযানের লক্ষ্যে গানবোটগুলো খুলনার উদ্দেশে যাত্রা করে সকাল সাড়ে নয়টায়। সামনে পানভেল, মাঝখানে পলাশ, সব শেষে পদ্মা। দুপুর ১২টায় তারা ভৈরব পেরিয়ে খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি পৌঁছায়।

এ সময় আকাশের অনেক উঁচুতে দেখা যায় চারটি ভারতীয় বোমারু বিমান। ভারতীয় বিমান যে এ এলাকায় আসতে পারে, গানবোটের সৈনিকদের ধারণা ছিল না। বোমারু বিমানের বৈমানিকদেরও জানা ছিল না, মিত্রবাহিনীর যুদ্ধজাহাজ এ এলাকায় তৎপর। কিছু বুঝে ওঠার আগেই বিমানগুলো গানবোটের ওপর উপর্যুপরি বোমা ফেলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পদ্মার ইঞ্জিনরুমে আগুন ধরে গিয়ে সেটি বিধ্বস্ত হয়। বহু নাবিক হতাহত হন।

পলাশের ইঞ্জিনরুম সচল থাকলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় অধিনায়ক তাড়াতাড়ি পলাশ পরিত্যাগ করে অন্যত্র আশ্রয় নিতে নাবিকদের নির্দেশ দিলেন। ইঞ্জিনরুম আর্টিফিশার মো. রুহুল আমিন রণতরি ছেড়ে যেতে রাজি হলেন না। তিনি গানবোটটি রক্ষার উদ্যোগ নেন। ততক্ষণে বোমারু বিমানগুলো আবার উড়ে এসে পলাশের ওপর গোলাবর্ষণ শুরু করল। বোমার আঘাতে রুহুল আমিনের ডান হাত ক্ষতবিক্ষত হয়ে গেল। পলাশের ইঞ্জিনরুমেও আগুন ধরে গেল। গানবোটের গোলাবারুদগুলো ফাটতে শুরু করল বিকট শব্দে। রুহুল আমিন প্রাণপণে আগুন নিয়ন্ত্রণে এনে গানবোটটি রক্ষার শেষ চেষ্টা করেন। কিন্তু তা সম্ভব হলো না। তিনি নদীতে ঝাঁপ দিয়ে বাঁ হাতে সাঁতার কেটে কোনো রকমে নদীর পূর্ব পাড়ে পৌঁছান।

শত্রুর ত্রাসে এলাকাটি আগেই জনশূন্য হয়ে পড়েছিল। বোমার আঘাতে ক্ষতবিক্ষত রুহুল আমিনকে সাহায্য করার জন্য কাউকে পাওয়া গেল না। টের পেয়ে আশপাশ থেকে রাজাকাররা এসে রুহুল আমিনকে আটক করল। মৃতপ্রায় রুহুল আমিনের পক্ষে সামান্যতম বাধা দেওয়ার ক্ষমতাও তখন আর অবশিষ্ট নাই। রাজাকারদের নির্মম অত্যাচারে একপর্যায়ে তিনি শহীদ হলেন।

স্বাধীনতার পর ইঞ্জিনরুম আর্টিফিশার মো. রুহুল আমিনকে তাঁর বীরত্বের জন্য বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।


মুহাম্মদ লুৎফল হক