এক বৃষ্টিতেই তলিয়ে গেল সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক ঘণ্টার বৃষ্টিতেই গতকাল জলাবদ্ধ হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন সড়ক। গলি পার হয়ে রাজপথে নেমেই দুর্ভোগে পড়েন মানুষ। কোথাও ছিল হঁাটুপানি, কোথাও কোমরসমান। অনেক এলাকায় বাসাবাড়ির নিচতলাতেও পানি ঢুকেছে। ছবিটি দয়াগঞ্জ এলাকা থেকে তোলা l প্রথম আলো
কয়েক ঘণ্টার বৃষ্টিতেই গতকাল জলাবদ্ধ হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন সড়ক। গলি পার হয়ে রাজপথে নেমেই দুর্ভোগে পড়েন মানুষ। কোথাও ছিল হঁাটুপানি, কোথাও কোমরসমান। অনেক এলাকায় বাসাবাড়ির নিচতলাতেও পানি ঢুকেছে। ছবিটি দয়াগঞ্জ এলাকা থেকে তোলা l প্রথম আলো

রাজধানীর ফকিরেরপুল মোড় ও পাশের নয়াপল্টন এলাকা। গতকাল বুধবার সকাল ১০টা ৫০ মিনিট। অঝোর ধারায় বৃষ্টি থেকে বাঁচতে নয়াপল্টনের সিটি হার্ট ভবনে আশ্রয় নিলেন অন্তত ৫০ জন পথচারী।
বৃষ্টি হচ্ছে, সামনের সড়কে পানি জমছে। দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখের সামনে ১০ মিনিটের মধ্যে পানিতে তলিয়ে গেল ওই সড়ক। বৃষ্টি চলল টানা ৪০ মিনিট। ততক্ষণে অল্প দূরের রাজারবাগ পুলিশ হাসপাতালের সামনে পানি হাঁটুর ওপরে উঠে গেছে।
শান্তিনগর মোড়ে তখন পানি কোমর ছুঁই ছুঁই। ইস্টার্ন প্লাস বিপণিবিতানের সামনে থেকে শান্তিনগর মোড় ছাড়িয়ে চারদিকে ব্যাপক যানজট। সড়কে জমে থাকা পানিই এর কারণ। মৌচাক, মালিবাগ, সার্কিট হাউস রোড, নয়াপল্টন, পুরানা পল্টন, গুলিস্তান, মতিঝিল, দিলকুশা, বংশাল, দয়াগঞ্জসহ পুরান ঢাকার অনেক এলাকায় সড়ক তলিয়ে যায় গতকালের বৃষ্টির পানিতে। ফলে চলাচলকারী মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে।
সিটি হার্টে আশ্রয় নেওয়া পথচারী আবদুল হক তাঁর সঙ্গী আনোয়ার হোসেনকে সামনের সড়ক দেখিয়ে বললেন, ‘মনে অইতাছে লাইভ অনুষ্ঠান দেখতাছি। বৃষ্টির পানি যাওয়ার পথ কি নাই?’ আনোয়ার হোসেন বললেন, ‘সংবাদপত্রে পড়ছি, ঢাকা শহরের নর্দমা পরিষ্কারের জন্য এই বছর ২০ কোটি টাকা খরচ অইয়া গেছে। টাকাগুলা বোধহয় পানিতেই গেল?’
এ বিষয়ে প্রশ্ন করলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী বলেন, ওই এলাকায় বক্স কালভার্টে দৈনন্দিন গৃহস্থালি ও বারোয়ারি বর্জ্য জমে শক্ত হয়ে অনেকটা অংশ বন্ধ হয়ে গেছে। পানি যেতে পারছে না। শিগগিরই বিশেষ মেশিন দিয়ে শক্ত বর্জ্য কাটা হবে।
এদিকে সকালের বৃষ্টির পানি বিকেল চারটার সময়ও জমে ছিল শান্তিনগর মোড়, গোপীবাগ, পেয়াদাপাড়া, অভয় দাস লেন, কে এম দাস লেন, বংশাল এলাকাসহ অনেক স্থানে। অথচ আবহাওয়া অধিদপ্তরের হিসাবে গতকাল ঢাকায় বৃষ্টি হয়েছে কম। সন্ধ্যা সোয়া ছয়টায় যোগাযোগ করা হলে অধিদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা জানান, সকাল ছয়টা থেকে ১২ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় মাত্র ছয় মিলিমিটার। মতিঝিল ও আশপাশের এলাকায় প্রচুর বৃষ্টির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অধিদপ্তরের বৃষ্টি মাপার যন্ত্রটি আগারগাঁও এলাকায় স্থাপিত। সেখানে গতকাল কম বৃষ্টি হয়েছে।