এক বেলা ট্রাক চলাচল, সারা বেলা যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের চৌরাস্তা মোড় আম্বরখানা। শাহজালাল বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, কুমারগাঁও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেতে এ মোড় পাড়ি দিতে হয়। মোড়ের পাশের রাস্তায় অবৈধ গাড়ি পার্কিং করে রাখায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। পুরোনো এই সূত্রের সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে দিনের বেলা ট্রাকের সারি। আর মোড় দিয়ে একবেলা ট্রাক চললেই নগরজুড়ে সারা বেলা যানজট লেগে থাকে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী ছোট ট্রাকগুলো সকাল আটটা থেকে বেলা দুইটা এবং বড় ট্রাকগুলো সকাল আটটা থেকে বেলা পাঁচটা পর্যন্ত নগরের ভেতরে ঢুকতে পারবে না। তবে কে করে তার তোয়াক্কা? হরহামেশা চলছে ট্রাক। ভুক্তভোগী লোকজন জানিয়েছেন, রিকশায় আম্বরখানা মোড় পাড়ি দিতে আগে সময় লাগত পাঁচ থেকে সাত মিনিট। আর এখন লাগছে এক-দেড় ঘণ্টা। সরেজমিনে দেখা গেছে, আম্বরখানা থেকে বিমানবন্দর এবং আম্বরখানা থেকে টিলাগড়মুখী সড়কে অন্যান্য যানবাহনের সঙ্গে দিনের বেলা সমানতালে চলছে ট্রাক। কর্তব্যরত পুলিশ এতে কোনো বাধা দিচ্ছেন না। আধা কিলোমিটার সড়কজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সড়ক দিয়ে চলাচলকারী কয়েকজন জানান, নগরে জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। অথচ ১০ বছর আগে রাস্তাটির প্রশস্ততা যা ছিল, এখনো তা-ই।যাত্রী বিল্লাল হোসেন বলেন, সিলেটের বৃহত্তম পাথর কোয়ারি রয়েছে গোয়াইনঘাট উপজেলার জাফলং এবং কোম্পানীগঞ্জে। এ দুটি স্থানে যেতে ট্রাকগুলোর আম্বরখানা মোড় পাড়ি দিতেই হয়। তাই ট্রাফিক পুলিশের সহায়তায় বেলা দুইটার আগেই অবাধে চলছে ট্রাক।তবে ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বলেন, প্রশাসনের নির্ধারিত সময় মেনেই ট্রাক চলছে। সরকারি কাজে ব্যবহূত ট্রাক, মাছ এবং পণ্যবাহী ট্রাক হয়তো মাঝেমধ্যে দিনের বেলা চলাচল করে।’ আম্বরখানা ছাড়াও বন্দরবাজার, জিন্দাবাজার, উপশহর, সুবিদবাজার, লামাবাজার, রিকাবীবাজার, কিনব্রিজ, কালীঘাট, মীরের ময়দান, তালতলা, দরগাগেট, ধোপাদীঘির পার, সোবহানীঘাট, হাওয়াপাড়া, জেলরোড, নাইওরপুল, মীরাবাজার, মেডিকেল রোড, কাজলশাহ এলাকায় সারা দিন তীব্র যানজট দেখা দেয়। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক তাহমিন আহমদ বলেন, নগরের প্রায় সব এলাকাতেই ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা নানা ধরনের পসরা সাজিয়ে বসেন। এতে পথচারীরা ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন। এটাও যানজটের অন্যতম কারণ।নগরবাসীর মতে, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাজুড়ে খানাখন্দ, অপ্রশস্ত সড়ক, ভ্রাম্যমাণ দোকান ও কয়েকটি অটোরিকশা স্ট্যান্ড—এই চারই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের মূল কারণ। জনদুর্ভোগ কমাতে সংস্কারের পাশাপাশি সড়কগুলোর প্রশস্ততা আরও বাড়ানো জরুরি। অটোরিকশাচালক লোকমান হোসেন বলেন, ‘নির্দিষ্ট কোনো স্থান না থাকায় অটোরিকশা রাখার জন্য বন্দরবাজার, ধোপাদীঘির পার, সোবহানীঘাট, আম্বরখানা, সুরমামার্কেট পয়েন্ট, মেডিকেল সড়কসহ কয়েকটি সড়কের কিছু অংশকে অস্থায়ী স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হয়।’সিলেট মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ট্রাফিক পুলিশের সহায়তায় দিনের বেলা ট্রাক চলাচল করছে—এ অভিযোগ মোটেই সঠিক নয়। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘শুধু ট্রাকের বিষয়ে নয়, সামগ্রিকভাবে যানজট সহনীয় রাখতে সম্প্রতি সিটি করপোরেশন সভা করেছে। এ সভার কিছু সিদ্ধান্ত কার্যকর হলে যানজটের মাত্রা কমে যাবে।’