এক ব্যক্তিকে আটকে নির্যাতনের অভিযোগ ডিবির বিরুদ্ধে
সিএনজিচালিত একটি অটোরিকশা চুরির মামলায় জিজ্ঞাসাবাদের নামে শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে বগুড়ার গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে তিন দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে।
শহিদুল ইসলামের আইনজীবী আহসান হাবিব সরকার বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে ডিবি পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ করেন। আদালতের বিচারক মো. আবদুল হামিদ গতকাল বৃহস্পতিবার বিষয়টি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য বগুড়ার পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দেন।
আইনজীবী আহসান হাবিব সরকার আদালতে অভিযোগ করেন, গত রোববার বিকেলে শহরের সাতমাতার সৈকত হোটেল থেকে ডিবি পুলিশের সদস্যরা ঠনঠনিয়া দক্ষিণপাড়ার বাসিন্দা শহিদুল ইসলামকে আটক করেন। এরপর চুরি যাওয়া একটি অটোরিকশা উদ্ধারের জন্য ডিবির কার্যালয়ে নিয়ে তাঁকে নির্মম নির্যাতন করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন৷ পুলিশ তাঁকে শহরের মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। সেখান থেকে আবারও ডিবির কার্যালয়ে নিয়ে তাঁকে আরেক দফা নির্যাতন করা হয়। নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে দ্বিতীয় দফায় একই হাসপাতালে নিয়ে শিহদুলকে চিকিৎসা করানো হয়েছে।
মঙ্গলবার সৈকত আহম্মেদ নামের এক ব্যক্তির দায়ের করা অটোরিকশা চুরির মামলায় শহিদুলকে গ্রেপ্তার দেখানো হয়। বুধবার বিকেলে শহিদুলকে আদালতে হাজির করে ডিবি পুলিশ।
বগুড়ার ডিবি পুলিশের পরিদর্শক মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া মেনেই যতক্ষণ ডিবির কার্যালয়ে রাখা সম্ভব, ততক্ষণ রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শিহদুলকে আদালতে পাঠানো হয়েছে। তিন দিন আগে আটক কিংবা কোনো ধরনের নির্যাতনের অভিযোগ সঠিক নয়। শহিদুল ইসলাম সংঘবদ্ধ অটোরিকশা চোর চক্রের সদস্য।