এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে সামছুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সামছুল ইসলাম পৌরসদরের মুকিমপুর মহল্লার বাসিন্দা ছিলেন।
এদিকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে গত শুক্রবার রাতে অজ্ঞাত এক ব্যক্তির (৬৮) মৃত্যু হয়েছে।
আক্কেলপুর থানার ওসি রেজাউস সাদিক বলেন, দুর্বৃত্তরা শুক্রবার সামছুল ইসলামকে কুপিয়েছিল। তিনি চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে মারা গেছেন।
নিহতের পরিবার জানায়, সামছুল শুক্রবার ফজরের নামাজ আদায় করতে তাঁর বাড়ি থেকে বের হন। ওই দিন সকাল সাড়ে আটটার দিকে বাড়ির পেছনের কলাবাগানে তাঁকে জখম অবস্থায় পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে গতকাল তিনি মারা যান।
সান্তাহার রেলওয়ে জিআরপি থানা সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে অজ্ঞাত ওই বৃদ্ধের মৃত্যু হয়। গতকাল শনিবার সকালে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও পুলিশ লাশটি দাফনের ব্যবস্থা করে।