এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, চাচা পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলার ঝিকড়া চকরপাড়া গ্রামে চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত রাজু আহমেদ (২২) ওই এলাকার শুকুর আলীর ছেলে। এ ঘটনায় গতকাল শনিবার থানায় একটি হত্যা মামলা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চাচা লোকমান আলী ও ভাতিজা রাজুর মধ্যে জমিজমা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লোকমান হাঁসুয়া হাতে নিয়ে ভাতিজাকে মারতে যান। এ সময় লোকজন বাধা দেওয়ায় তিনি ফিরে আসেন। এরপর ভাতিজাকে মারার জন্য এলাকার চকরপাড়া মোড়ে অবস্থান নেন লোকমান। ওই দিন রাত ১২টার দিকে ওই পথ দিয়ে বাড়ি ফেরার পথে ভাতিজা রাজুর গলায় হাঁসুয়া দিয়ে কোপ দেন লোকমান। পরে রাজুর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা মুমূর্ষু অবস্থায় রাজুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে রাত দুইটার দিকে রাজু মারা যান।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মুর্ত্তজা জানান, এ ঘটনায় নিহত রাজুর বাবা শুকুর আলী বাদী হয়ে গতকাল থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় লোকমান আলীকে একমাত্র আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে লোকমান পলাতক রয়েছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।