রাজধানীর অদূরে সাভারের নগরকোন্ডা এলাকায় গতকাল শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে রহিম বাদশা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেনাতুল্লা (৫০) নামে অপর একজন।
এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার মধ্য গাজীরচটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারা যান আবদুল কুদদ্দুস (২৮) নামের এক যুবক।
রহিম সাভারের কাউন্দিয়া ইউনিয়নের ইছাকাবাদ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। আর কুদ্দুস রাজধানীর গুলশানের একটি বস্তিতে বসবাস করতেন।
পুলিশ জানায়, সন্ত্রাসীদের গুলিতে নিহত রহিম হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন। এসব মামলায় তিনি দীর্ঘদিন কারাগারেও ছিলেন। বছর চারেক আগে কারাগার থেকে বের হয়ে নগরকোন্ডা এলাকায় থেকে জমির ব্যবসা করতেন।
সাভার মডেল থানার পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যা থেকে রহিম ও তাঁর ঘনিষ্ঠজন সাভারের বনগাঁওয়ের বেনাতুল্লা নগরকোন্ডা বাজারে মিম চা স্টোরে বসে কথা বলছিলেন। রাত সাতটার দিকে মোটরসাইকেলে করে তিন যুবক এসে রহিমকে ডেকে দোকানের বাইরে নেন। এরপর তাঁর মাথা ও পেটে পিস্তল ঠেকিয়ে গুলি করেন। এ সময় বেনাতুল্লা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁর বুকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রহিম মারা যান। আর বেনাতুল্লাকে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় দফাদার ব্রজেস্বর শীল ও নগরকোন্ডা গ্রামের ফারুক হোসেন বলেন, ‘বছর চারেক ধরে রহিমকে আমরা এই এলাকায় দেখছি। তিনি এখানে থেকে মাটির ব্যবসা করতেন। কারও সঙ্গে তাঁর বিরোধ ছিল কি না, তা আমাদের জানা নেই। আর যারা তাঁকে হত্যা করেছে, তারাও এলাকায় পরিচিত নয়।’
নিহত রহিমের ভাই মো. মোমিন বলেন, তাঁর ভাইয়ের বিরুদ্ধে যেসব মামলা ছিল, তার সবই নিষ্পত্তি হয়ে গেছে। কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তাঁর বিরুদ্ধে নতুন করে কোনো মামলা হয়নি। তিনি বলেন, জমির ব্যবসা নিয়ে নতুন করে কারও সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হতে পারে। ওই বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, কোনো বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন রহিমকে হত্যা করে থাকতে পারে। হত্যার পেছনে আরও কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এদিকে শুক্রবার রাতে সাভার বাসস্ট্যান্ডে গাড়ি রেখে কুদ্দুস গাজীরচটে তাঁর বোনের বাসায় যাচ্ছিলেন। রাত ১২টার দিকে মধ্য গাজীরচটের রাশিদ মার্কেটের কাছে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাঁর কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। ঘটনার পর কুদ্দুস ওই এলাকার দুই বন্ধু আরিফ ও হাবিবকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে তাঁরা হালিম নামের এক ছিনতাইকারীকে চিনে ফেলেন। এ সময় তাঁরা ওই ছিনতাইকারীর কাছে টাকা ও মুঠোফোন ফেরত চান। এতে হালিম উত্তেজিত হয়ে কুদ্দুসের পেটে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা কুদ্দুসকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ গতকাল সকালে হাসপাতালে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে নিহতের বড় ভাই সেলিম গতকাল আশুলিয়া থানায় হত্যা মামলা করেছেন।
জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাই ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।