লক্ষ্মীপুরের কমলনগরে দুই জেলেকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগে জেলেরা এক জলদস্যুকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার গভীর রাতে তালতলি মাছঘাটের অদূরে মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
আটক মোশারফ হোসেনের বাড়ি রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামে। লুধুয়া মাছঘাটের জেলে শাহ পরান মাঝি ও আব্বাস মাঝি জানান, মঙ্গলবার রাতে তাঁরা মেঘনা নদীতে মাছ ধরছিলেন। ওই সময় আটজন সশস্ত্র জলদস্যু তাঁদের ট্রলারসহ মাছ ধরার কয়েকটি ট্রলারে ডাকাতি করে। এক পর্যায়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে জলদস্যুরা তাঁদের দুজনকে ট্রলারে তুলে নেয়। এ সময় অন্য জেলেরা ঘেরাও করে ট্রলারসহ মোশারফকে আটক করে গণপিটুনি দেন ও তাঁদের উদ্ধার করেন। মোশারফের সাত সহযোগী অস্ত্রসহ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। গতকাল বুধবার মোশারফকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আমির হোসেন জানান, মোশারফকে পুলিশি হেফাজতে নিয়ে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।