এক ব্যক্তিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ওয়াইজনগর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে জুলহাস উদ্দিন নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার বান্দাইল গ্রামে। স্বজনদের দাবি, জুলহাসকে হত্যা করা হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে বিদেশে যাওয়ার জন্য জুলহাস (৩৫) তাঁর মামা আজাহার মোল্লাকে আড়াই লাখ টাকা দেন। কিন্তু তিনি এ সময়ের মধ্যে বিদেশে পাঠাতে পারেননি। গত বুধবার বিকেলে টাকা নেওয়ার জন্য জুলহাসকে মুঠোফোনে আজাহার তাঁর ঢাকার সাভারের বাসায় যেতে বলেন। এই উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টার দিকে জুলহাস বাড়ি থেকে বের হন। গতকাল সকালে বান্দাইলের পাশের গ্রাম ওয়াইজনগরের ফাঁকা জায়গায় একটি গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় জুলহাসের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।জুলহাসের ভাই কালাম হোসেন সাংবাদিকদের বলেন, জুলহাসকে সৌদি আরবে পাঠানোর কথা বলে তাঁর মামা আজাহার আড়াই লাখ টাকা নেন। কিন্তু তিনি বিদেশেও পাঠাননি, টাকাও ফেরত দেননি। এ নিয়ে দুজনের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। টাকা ফেরত চাওয়ায় জুলহাসকে হত্যা করেন আজাহার। আজাহারের মুঠোফোনে রিং দিলে আত্মীয় পরিচয়ে এক ব্যক্তি তা রিসিভ করেন। তিনি প্রথম আলোকে জানান, আজাহার খুবই অসুস্থ, তিনি কথা বলতে পারবেন না। সিঙ্গাইর থানার ওসি মো. লিয়াকত আলী জানান, লাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।