এক ব্যক্তির একগুঁয়েমিতে তলিয়ে গেছে ধানের চারা
এক ব্যক্তির একগুঁয়েমির কারণে তলিয়ে গেছে ১৫ একর জমিতে সদ্য রোপণ করা বোরো ধানের চারা। কৃষকদের নিষেধ সত্ত্বেও ওই ব্যক্তি বিল সেচে পানি হাওরে ফেলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ঘটনা ঘটেছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আলমপুর এলাকায়।
ভুক্তভোগী কৃষকেরা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানোর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে গত বুধবার সকালে সেচ বন্ধ করার নির্দেশ দেন।
ভুক্তভোগী আটজন কৃষক বলেন, উপজেলার আলমপুর এলাকার হাওরে প্রায় ১৫০ একর জমি রয়েছে। এ জমিতে আলমপুর, পালপুর, গঙ্গারামের চক, গঙ্গারাম, ছিটাগোটাটিকর ও সামলাসন এলাকার ৫০-৬০টি পরিবারের কৃষক বোরো চাষ করেন। সম্প্রতি বোরো মৌসুম শুরু হওয়ায় এসব জমিতে কৃষকেরা চাষাবাদের কাজ শুরু করেন এবং তাঁদের প্রায় জমিতে চারা রোপণের কাজও শেষ হয়।
কৃষকেরা আরও বলেন, গত শুক্রবার হঠাৎ ষাটঘর এলাকার বাবলা মিয়া তাঁর মালিকানাধীন একটি বিল শুকানোর উদ্দেশ্যে সেচ শুরু করেন। ওই বিল থেকে কৃষকদের ফসলি জমি আধা কিলোমিটার দূরে। এ কারণে সরাসরি সেচের পানি গিয়ে কৃষকদের জমিতে পড়ে। এ অবস্থায় সদ্য রোপণ করা জমি ডুবে যাওয়ার আশঙ্কায় কৃষকেরা ওই ব্যক্তিকে অন্তত ১৫-২০ দিনের জন্য বন্ধ রাখার অনুরোধ করেন। তবে কৃষকদের এ অনুরোধ উপেক্ষা করে ওই ব্যক্তি চারটি পাম্পের সাহায্যে সেচ অব্যাহত রাখেন। এ কারণে এরই মধ্যে হাওরের প্রায় ১৫ একর জমিতে রোপণ করা বোরো ধানের চারা তলিয়ে গেছে।
বাবলা মিয়া অনুরোধ না রাখায় ভুক্তভোগী কৃষকেরা তাৎক্ষণিকভাবে সিলেটের দক্ষিণ সুরমার ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে তিনি গত বুধবার দুপুরে ঘটনাস্থলে যান এবং কৃষকদের অভিযোগের সত্যতা পেয়ে মৌখিকভাবে ওই ব্যক্তিকে আগামী এক মাসের জন্য সেচ বন্ধ রাখার নির্দেশ দেন এবং এ সময়ের মধ্যে পুনরায় সেচ চালালে মেশিন জব্দসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁকে সতর্ক করেন।
এ বিষয়ে বাবলা মিয়া বলেন, ‘একজন ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন। কৃষকদের ক্ষতি হোক, সেটি আমি কোনোভাবেই চাই না। কৃষকেরা যখন জানিয়েছেন পানি সেচ করলে তাঁদের ক্ষতি হবে, আমি তখনই সেচ বন্ধ করে দিয়েছি।’
এ বিষয়ে ইউএনও শাহেদ মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘কৃষকদের অভিযোগ পেয়ে বিষয়টির সত্যতা জানতে হাওরে সরেজমিনে পরিদর্শন করেছি। ওই ব্যক্তির কারণে কৃষকদের সদ্য রোপণ করা অধিকাংশ বোরো চারা তলিয়ে গেছে। এ অবস্থায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের স্বার্থে ওই ব্যক্তিকে সেচ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’