এক ব্যক্তির কারণে বিশ্বব্যাংক ঋণ বন্ধ করে দেবে, আগেই শুনেছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পদ্মা সেতু নির্মাণের সব প্রস্তুতি শেষ হয়েছে। সেতু নির্মাণে এক বছরের টাকা ঠিক করে ফেলেছি। নির্মাণকাজ শুরু করব।’ তিনি বলেন, ‘কোনো এক ব্যক্তিবিশেষের একটি ব্যাংকের এমডি পদ নিয়ে বিশ্বব্যাংক ঋণ বন্ধ করে দেবে, এ কথা অনেকে বলেছেন, আমি আগে থেকেই শুনে আসছিলাম।’গতকাল সোমবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে ১৫ ও ২১ আগস্টের কর্মসূচি ঠিক করা হয়।প্রধানমন্ত্রী বলেন, ‘সেতু নির্মাণে সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে আগ্রহ দেখেছি। মানুষের মধ্যে বিরাট উদ্দীপনা। এটা একটা বিরাট পাওয়া। দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ। বাঙালি জাতির আত্মমর্যাদাবোধ আছে।’ তিনি বলেন, গৃহিণীরা বলছেন, বাজার করার টাকা বাঁচিয়ে টাকা দেবেন। স্কুলের ছাত্রছাত্রীরা টিফিন খরচের টাকা দেবে। সাংসদ ও মন্ত্রিসভার সদস্যরা এক মাসের বেতন দেবেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টাকা দেবেন। অর্থাৎ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে আগ্রহ আছে। এ দেশের মানুষ সংকট দেখা দিলে জেগে ওঠে।প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাবা ক্ষমতায় ছিলেন, আমি প্রধানমন্ত্রী ছিলাম এবং এখনো আছি। আমরা ক্ষমতায় বসে নিজের ভাগ্য গড়িনি। আমাদের সম্পত্তিই দিয়ে দিয়েছি। রেহানার বাড়িও দান করে দিয়েছে। বলতে গেলে ঢাকা শহরে দাঁড়ানোর জায়গাও রাখিনি।’ তিনি বলেন, ‘আমাদের পরিবার বলতে, দুই বোন ও পাঁচ ছেলেমেয়ে। তারা কেউ হাওয়া ভবন খোলেনি। রেহানা এখনো লন্ডনে চাকরি করে, তার ছোট মেয়ে চাকরি করে। এক মেয়ে কাউন্সিলর। আমাদের পাঁচজন চাকরি করেন। কেউ আমাদের নাম ভাঙিয়ে কিছু করলে ছাড়ব না। হালাল খাব, হারাম খাব না।’প্রধানমন্ত্রী বিরোধী দলের সমালোচনা করে বলেন, ‘এদের কাছ থেকে ন্যায়নীতির কথা শুনতে হয়। তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। এদের একজন দুর্নীতির দায়ে সাজা খাটা। পরে এরশাদের কাছে মাফ চেয়ে মুক্তি পান। তাঁদের অনেকে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়েছেন। চোরের মায়ের বড় গলা। এদের সম্পর্কে অনেক কিছু আছে আমার কাছে। আস্তে আস্তে ছাড়ব।’