এক ব্যক্তির দুই বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফয়জুল কবির ওরফে মানিক মাস্টার (৩৮) নামের এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান গতকাল বৃহস্পতিবার এই কারাদণ্ড দেন।
ফয়জুল কবিরের বাড়ি সদর উপজেলার হামছাদী গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, ফয়জুল কবির দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর শহরে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়ান। গতকাল সকালে তিনি দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে চকলেটের প্রলোভন দিয়ে স্কুল মাঠ থেকে বাসায় নিয়ে যান। পরে তিনি ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে এলাকাবাসী টের পেয়ে তাঁকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ইউএনও মো. আজিজুর রহমান বলেন, দোষ স্বীকার করায় ফয়জুল কবিরকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, ফয়জুলের বিরুদ্ধে এর আগেও এ ধরনের বেশ কিছু অভিযোগ উঠেছিল।