নেত্রকোনায় স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে হাশেম (৩৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তিনি সদর উপজেলার সাটিয়া গ্রামের ঈমান আলীর ছেলে। এ ছাড়া একই আদালত দিনমজুর সবুজ মিয়া হত্যা মামলায় শাহ জামাল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
গতকাল বুধবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ এ দুটি রায় দেন। শাহ জামাল বারহাট্টা উপজেলার ছয়গাঁও গ্রামের মফিজ খাঁর ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ২০০৩ সালের ৬ নভেম্বর রাতে হাশেম স্ত্রী আয়েশা খাতুন ও শিশুসন্তান তরিকুলকে খুন করে লাশ জঙ্গলে ফেলে রাখে।
আর পাওনা টাকা চাইতে গিয়ে ২০০১ সালে ২২ জানুয়ারি শাহ জামালের হাতে জখম হন বারহাট্টা উপজেলার লাউফা গ্রামের বাসিন্দা দিনমজুর সবুজ মিয়া। পরে তিনি হাসপাতালে মারা যান। অতিরিক্ত সরকারি কৌসুঁলি (এপিপি) সাইফুল আলম জানান, রায় ঘোষণার সময় হাশেম আদালতে উপস্থিত ছিলেন। তবে শাহ জামাল পলাতক।