এক ব্যক্তির সততার দৃষ্টান্ত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাদৈর গ্রামের সৌদিপ্রবাসী আবদুল খালেক গত বৃহস্পতিবার পাসপোর্ট, ফেরত টিকিট ও মোবাইল ফোনসেট হারিয়ে ফেলেন। পরে বাড়িতে এসে তিনি দিশেহারা হয়ে যান। এমন সময় তাঁর বাড়ির মুঠোফোনে একটি ফোন আসে। ফোনে ওই প্রান্ত থেকে একজন জানান, তিনি এসব জিনিস বাঞ্ছারামপুর-আড়াইহাজার ফেরি থেকে পেয়েছেন।আবদুল খালেককে গতকাল শুক্রবার পাসপোর্টসহ সবকিছু ফেরত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ফেরির সহকারী পরিচালক মাহবুব আল হক। মাহবুব আল হক বলেন, ‘বৃহস্পতিবার রাতে ফেরিতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখি। ব্যাগ খুলে পাসপোর্ট, টিকিট ও তিনটি মুঠোফোন পাই। পাসপোর্ট থেকে ঠিকানা বের করি। পরে একটি মুঠোফোন চালু করে ডায়াল নম্বর থেকে একটি নম্বরে ফোন করে প্রকৃত মালিককে জিনিসগুলো পাওয়ার কথা জানাই। আবদুল খালেককে তাঁর জিনিস দিতে পেরে আমি আনন্দিত।’ আবদুল খালেক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি পাঁচ মাসের ছুটি নিয়ে বাড়িতে আসি। পাসপোর্ট, টিকিট হারিয়ে আমি দিশেহারা হয়ে যাই। এসব জিনিস ফিরে পেয়ে আমি অনেক খুশি হয়েছি।’