সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রায় ১৫ বছর আগে কিশোরীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় করা মামলায় আয়েজ ওরফে আয়াজ আলী নামের এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বিমলচন্দ্র শিকদার এ রায় ঘোষণা করেন।
জানতে চাইলে ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি মো. আবদুল মালেক প্রথম আলোকে বলেন, কারাদণ্ড ছাড়াও অ্যাসিডদগ্ধ তরুণীকে ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে আয়াজকে নির্দেশ দিয়েছেন আদালত। তিনি বলেন, সাক্ষ্য গ্রহণ বিলম্বিত হওয়ায় বিচার-প্রক্রিয়া দীর্ঘ হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ফেঞ্চুগঞ্জের রুস্তমপুরের শিপা বেগমকে (১৬) বিয়ের প্রস্তাব দেন পাশের মল্লিকপুর গ্রামের আয়াজ আলী (৩৫)। এ প্রস্তাব শিপার মা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০০০ সালের ৮ ডিসেম্বর রাতে বাড়ির উঠোনে অজু করার সময় শিপার ওপর অ্যাসিড নিক্ষেপ করেন আয়াজ। এ ঘটনায় পরদিন শিপার মা শিফা বেগম বাদী হয়ে আয়াজের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ ওই দিনই আয়াজকে গ্রেপ্তার করে।
২০০১ সালের ৩ মার্চ আয়াজকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০২ সালের ১০ জুন আদালতে মামলার অভিযোগ গঠন হয়। মামলার ১৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করা হলো।
রায় ঘোষণার সময় আদালতে ছিলেন মামলার বাদী শিফা বেগম। বিলম্বে হলেও রায়ে অ্যাসিড নিক্ষেপকারীর সাজা হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।