চট্টগ্রাম নগরের জুবিলী রোডের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিডেট (ইউসিবিএল) এবং নিউমার্কেটে অগ্রণী ব্যাংক শাখার ভল্টের চাবি হারিয়ে যাওয়ার ঘটনায় গত মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে রাতেই নগরের ভেলভিউ ডায়াগনস্টিক সেন্টার থেকে ইউসিবিএল ব্যাংকের চাবি উদ্ধার করে পুলিশ। তবে অগ্রণী ব্যাংকের চাবি পাওয়া যায়নি।
নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, প্রতিটি ভল্টের তিনটি করে চাবি রয়েছে। দুই ব্যাংকের দুই কর্মকর্তা দুটি চাবি নিয়ে বাসায় যাওয়ার পথে এগুলো হারিয়ে যায়। এর মধ্যে একটি ব্যাংকের চাবি পাওয়া গেছে। তিনি বলেন, চুরি কিংবা টাকা লুটের জন্য এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে মনে হয়নি।
জিডি দুটির তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, জিডি করার পর এক লোক ফোন করে বলেন, বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারে দর্শনার্থীদের চেয়ারে পড়ে আছে ইউসিবিএল ব্যাংকের চাবি। পরে সেখান থেকে চাবি উদ্ধার করে ব্যাংকে হস্তান্তর করা হয়।