এক ভবনে দুই স্কুলের পাঠদান
খুলনা নগরের দক্ষিণ টুটপাড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে চলছে দুই বিদ্যালয়ের পাঠদান। এতে শিশুদের পাঠদান বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, আইলায় জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়। এরপর ছাদসহ ভবনের নানা অংশের পলেস্তারা খসে পড়তে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গত বছরের ১৩ সেপ্টেম্বর খুলনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। শিক্ষা অধিদপ্তরের নির্দেশে প্রায় এক কিলোমিটার দূরে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণীকক্ষে গাদাগাদি করে চলছে প্রায় ২০০ শিক্ষার্থীর পাঠদান। শ্রেণীকক্ষের অভাবে পরিত্যক্ত ভবনেই অত্যন্ত ঝুঁকি নিয়ে চলছে পঞ্চম শ্রেণীর পাঠদান। অন্যদিকে ওই দুটি শ্রেণীকক্ষ ছেড়ে দেওয়ায় বিপাকে পড়েছেন মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের অবশিষ্ট তিনটি শ্রেণীকক্ষে ২৫০ শিক্ষার্থীকে গাদাগাদি করে পাঠদান করানো হচ্ছে। মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আরা বেগম বলেন, গাদাগাদি করে ক্লাস নিতে হচ্ছে। সঠিকভাবে ক্লাস নেওয়া যাচ্ছে না। জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নাজনীন বলেন, খাল পার হয়ে মোল্লাপাড়া বিদ্যালয়ে যাওয়া লাগে বলে অনেক শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। এতে দিন দিন শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, ‘নতুন ভবনের জন্য যে নকশা করা হয়েছিল, জায়গার অভাবে তা বাস্তবায়ন করা যায়নি। এখন নতুন করে নকশা করা হচ্ছে।’