
বরিশাল নগরের ৩ নম্বর কাউনিয়া ওয়ার্ড। ঘনবসতিপূর্ণ এই এলাকায় সিটি করপোরেশনের বর্জ্য ফেলার বিশাল এক ভাগাড়। বর্জ্য পোড়ানোর ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ছে। দুর্গন্ধ আর মশা-মাছির উপদ্রবে এলাকাবাসীর জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাগাড়টির চারপাশে পুরানপাড়া, হোসনাবাদ, কাউনিয়া ও সাপানিয়া এলাকায় বসবাস করে অন্তত সাড়ে চার হাজার পরিবার। এ ছাড়া কাউনিয়া মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবদুর রব সেরনিয়াবাত কলেজ, দুটি কিন্ডারগার্টেন, দুটি মাদ্রাসাসহ অন্তত নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১০-১২টি মসজিদ আছে এখানে। ভাগাড়ের ৪০ গজ দূরেই রয়েছে কাউনিয়া হাউজিং প্রকল্প। সেখানে অন্তত ৫০০ পরিবারের বাস। কিন্তু দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। অনেকে জমি বিক্রি করতে চান। কিন্তু জমির ক্রেতা পাচ্ছেন না। আগে এই এলাকায় প্রতি শতক জমি চার থেকে সাড়ে চার লাখ টাকায় বিক্রি হতো। এখন এক লাখ টাকায়ও কেউ কিনতে চান না।
নগরবাসীর এমন দুর্ভোগ সম্পর্কে জানতে চাইলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব বলেন, ‘নগরের পরিধি ও জনসংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। তাই বর্জ্যও বেড়েছে কয়েক গুণ। প্রতিদিন ৫০ থেকে ৬০ টন ময়লা ফেলা হচ্ছে। বর্জ্য ফেলার যে জায়গাগুলো রয়েছে, সেগুলোতে এখন আর সংকুলান হচ্ছে না। আমরা বর্জ্য ডাম্পিংয়ের জন্য নতুন জায়গা খুঁজছি।’
হোসনাবাদ এলাকার শের-ই-বাংলা সড়কে ঢুকতেই চোখে পড়ে প্রাচীরঘেরা সাজানো-গোছানো একতলা একটি বাড়ি। মূল ফটকের পাশে দেয়ালে খোদাই করা নামফলক, ‘শান্তি নীড়’। ফটকে মস্ত বড় একটি তালা ঝুলছে। সদর দরজায়ও তালা দেওয়া। বাড়িটির মালিক এনায়েত হোসেন। বাড়ির সামনেই বিশাল এলাকাজুড়ে পাহাড়সম ময়লা-আবর্জনার স্তূপ। দুর্গন্ধ, মশা-মাছি আর দিন-রাত বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে শান্তি নীড় ছেড়েছে এনায়েতের পরিবার।
যোগাযোগ করা হলে হোসনাবাদের বাসিন্দা এনায়েত হোসেন বলেন, ‘শখ করে বাড়ি করেছিলাম। কিন্তু সেই বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। আন্দোলন, মানববন্ধন করেও কোনো লাভ হয়নি। দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। বাড়িতে থাকা যায় না। তাই দুই সন্তানসহ নিজের বাড়ি ছেড়ে আলেকান্দা এলাকায় ভাড়া বাসায় উঠেছি।’
আবদুস সালাম নামের এক ব্যক্তি বলেন, এনায়েত হোসেন এলাকা ছেড়ে বেঁচে গেছেন। কিন্তু বাধ্য হয়ে এখনো বসবাস করছে অন্তত সাড়ে চার হাজার পরিবারের ২৫ হাজার মানুষ।
বর্জ্য নিয়ে যারপরনাই বিরক্ত ভাগাড়ের কাছের বাসিন্দা আবদুল হালিম। তাঁর অভিযোগ, ১৭-১৮ বছর ধরে সিটি করপোরেশন সব ময়লা-আবর্জনা এনে ফেলছে এই এলাকায়। তিনি নিজে ছয়-সাত মাস ধরে শ্বাসকষ্টে ভুগছেন।
তিক্ত অভিজ্ঞতা আছে হোসনাবাদের বাসিন্দা স্কুলশিক্ষক সাজেদা বেগমেরও। তাঁর ভাষ্য, দিন-রাত এসব বর্জ্য পোড়ানো ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসে। গোটা এলাকায় দুর্গন্ধ আর মশা-মাছির উপদ্রবে তাঁদের স্বাভাবিক জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শ্বাসকষ্ট, পেটের পীড়াসহ অসুখ-বিসুখ লেগেই আছে। শিশুরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে আছে।
কাউনিয়া এলাকার গৃহবধূ হালিমা বেগমও তিন মাস ধরে শ্বাসকষ্টে ভুগছেন। তাঁর দাবি, শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে এই এলাকার কয়েকজন মারাও গেছেন।
বর্জ্যের ভাগাড় থেকে কাউনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দূরত্ব এক শ মিটারের মতো। এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ময়লার দুর্গন্ধে ও ধোঁয়ায় ঠিকমতো ক্লাস করতে পারেন না বলে জানালেন প্রধান শিক্ষক হেমায়েত উদ্দীন।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা বলেন, নগরের পুরানপাড়া এলাকায় ছয় একর জমি ময়লা ফেলার জন্য নির্ধারিত আছে। জায়গা কম হওয়ায় পাশে থাকা ব্যক্তিগত জমিতেও বাধ্য হয়ে এখন বর্জ্য ফেলতে হচ্ছে।
পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এ এইচ এম রাশেদ প্রথম আলোকে বলেন, জনবসতিপূর্ণ এলাকায় বর্জ্য না ফেলতে একাধিকবার করপোরেশনকে নোটিশ দেওয়া হয়েছে। ২০১৪ সালে আধুনিক প্রযুক্তিতে ময়লা প্রক্রিয়াজাতকরণের ছাড়পত্র নিলেও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন।