এক ভাটাতেই পুড়বে ৩২ হাজার মণ কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কোটচাঁদপুরে রিপন ব্রিকসে কয়লার পরিবর্তে পোড়ানোর জন্য এভাবে কাঠ স্তূপ করা হয়েছে। ছবিটি গতকালের l প্রথম আলো
ঝিনাইদহের কোটচাঁদপুরে রিপন ব্রিকসে কয়লার পরিবর্তে পোড়ানোর জন্য এভাবে কাঠ স্তূপ করা হয়েছে। ছবিটি গতকালের l প্রথম আলো

চারপাশে সাজানো শত শত মণ কাঠ। বড় বড় গাছ কেটে কাঠ তৈরি করে সাজিয়ে রাখা হয়েছে। চাহিদামতো দেওয়া হচ্ছে ইটভাটার চুল্লিতে। দাউ দাউ করে পুড়ছে গাছগুলো। অথচ ইটভাটায় কাঠ পোড়ানো অপরাধ বলছেন বন বিভাগের কর্মকর্তারা। তা সত্ত্বেও এভাবে প্রতিদিন শত শত মণ কাঠ পোড়াচ্ছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর বাজার-সংলগ্ন রিপন ব্রিকস কর্তৃপক্ষ। এক মৌসুমে ভাটাটিতে কাঠ পুড়বে ৩০ হাজার থেকে ৩২ হাজার মণ।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ব্যারেল চিমনির এই ভাটায় প্রতিবছর এভাবে হাজার হাজার মণ কাঠ পোড়ানো হয়। কিন্তু এগুলো দেখার কেউ নেই। এ বছরও তারা কয়েক শ মণ কাঠ সাজিয়ে রেখে পোড়ানো অব্যাহত রেখেছে। প্রতিদিন ট্রাকে করে নতুন নতুন কাঠ আনা হচ্ছে, আর সাজিয়ে রাখাগুলো পোড়ানো হচ্ছে। তাদের ভাষায় এ ভাটাটির কারণে পার্শ্ববর্তী এলাকার গাছগুলো কাটা পড়ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর বলে অনেকে মন্তব্য করেছেন।

সরেজমিনে সাব্দালপুর এলাকার ওই ইট ভাটায় দেখা যায়, এক চিমনির এ ভাটাটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে, যার পুরোটাই কাঠের আগুন। ভাটার পাশে দাঁড়িয়ে কথা হয় মিজানুর রহমান নামের স্থানীয় এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, আজিজুর রহমান নামের এক ব্যক্তির মালিকানায় বেশ কয়েক বছর আগে গড়ে উঠেছে এ ইটভাটা। ব্যারেল চিমনির ভাটা অবৈধ হলেও তিনি বহাল তবিয়তে এই ভাটা চালিয়ে যাচ্ছেন। প্রতিবছর লাখ লাখ ইট তৈরি করছেন।

ভাটার সঙ্গে যুক্ত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিবছর এই ভাটায় ১৫ থেকে ১৬ লাখ ইট পোড়ানো হয়। এক লাখ ইট পোড়াতে দুই হাজার মণ কাঠের প্রয়োজন হয়। হিসাব অনুযায়ী, ৩০ হাজার থেকে ৩২ হাজার মণ কাঠ পোড়ানো হয় এই ইটভাটায়, যা সবই বিভিন্ন ছোট ছোট কাঠ ব্যবসায়ীদের মাধ্যমে সংগ্রহ করে থাকে ভাটা কর্তৃপক্ষ। ভাটাটিতে সব ইট পোড়ানো হয় কাঠের জ্বালানি দিয়ে। এখানে কয়লা ব্যবহার করা হয় না। ওই ব্যক্তি আরও বলেন, এ বছর শুরু থেকেই কাঠ পোড়ানো হচ্ছে। ভাটা চালুর আগেই চারপাশে কাঠ স্তূপ করে রাখা ছিল। ভাটা চালু হওয়ার সঙ্গে সঙ্গে সেই কাঠ পুড়তে শুরু করেছে। আর নতুন নতুন গাছ কেটে কাঠ এনে নতুন স্তূপ তৈরি করা হচ্ছে।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর যশোর অঞ্চলের উপপরিচালক মিজানুর রহমান বলেন, ব্যারেল চিমনির ভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের কোনো সুযোগ নেই। এগুলো অবৈধভাবে পরিচালিত হয়ে থাকে। তিনি আরও বলেন, ইটভাটায় কাঠ পোড়ানোর কোনো সুযোগ নেই। ওই ভাটা কর্তৃপক্ষ কাঠ পোড়ালে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভাটার ব্যবস্থাপক আবদুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি কাঠ পোড়ানোর কথা স্বীকার করে বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব দেন। এ বিষয়ে কিছু না লেখার অনুরোধ করেন।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন সুলতানা বলেন, তিনি বিষয়টি অবগত নন। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।