এক ভোটও পাননি ২১ সদস্য প্রার্থী
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক প্রার্থী মাত্র দুটি ভোট পেয়েছেন। এখানে সাধারণ সদস্যপদে নয়জন প্রার্থী একটি ভোটও পাননি। মেহেরপুরে ১২ জন সদস্য প্রার্থী একটি ভোটও পাননি।
চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্যানুযায়ী ভোটারেরা চেয়ারম্যান পদে মোট ৫২৭টি ভোট দিয়েছেন। এর মধ্যে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মামুন অর রশিদ মাত্র দুই ভোট পেয়েছেন। ১৫টি ভোটকেন্দ্রের ১৩টিতে তাঁর ভাগ্যে একটি ভোটও মেলেনি।
মামুন অর রশিদ দুটি ভোট পেয়েও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ওই দুই ভোটার ভোট দিয়ে আমাকে সম্মানিত করেছেন।’
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সংরক্ষিত ও সাধারণ সদস্যপদে ভোটের চিত্র আরও করুণ। সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে সদস্যপদে রাশিদা মমতাজ এক ভোট, ৫ নম্বর ওয়ার্ডের নিলুফার ইয়াসমিন তিন ভোট ও ২ নম্বর ওয়ার্ডে রাবেয়া খাতুন চার ভোট পেয়েছেন। সাধারণ সদস্যপদে নয়জন প্রার্থী একটি ভোটও পাননি। এ ছাড়া পাঁচজন একটি করে, দুজন দুটি, একজন তিনটি ও তিনজন চারটি করে ভোট পেয়েছেন।
ভোট না পাওয়া সদস্য প্রার্থীরা হলেন ৪ নম্বর ওয়ার্ডে আবদুল লতিফ সর্দার, ৫ নম্বর ওয়ার্ডে রেদ-উয়ান-উজ-জামান, ৬ নম্বর ওয়ার্ডে এ এইচ এম মোয়াজ্জেম ও ওয়াজেদ আলী, ৮ নম্বর ওয়ার্ডে রাজ্জাক ফারাজী, ৯ নম্বর ওয়ার্ডে কামাল হোসেন, ১০ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ডে বাবুল হোসেন তরফদার ও ১৩ নম্বর ওয়ার্ডে মামুন মোল্লা।
এক ভোট করে পেয়েছেন ৭ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেন ও হাসেম মাহমুদ, ৮ নম্বর ওয়ার্ডে মহাবুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডে আবদুল মান্নান ও ১১ নম্বর ওয়ার্ডের রফিকুল আলম। দুই ভোট করে পেয়েছেন ১১ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলাম ও ১২ নম্বর ওয়ার্ডে হজরত আলী। তিন ভোট পেয়েছেন ১১ নম্বর ওয়ার্ডে রতন আলী। এ ছাড়া চার ভোট পেয়েছেন ৬ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ডে শায়েকুর রহমান, ১১ নম্বর ওয়ার্ডে রবিউল হোসেন ও ১২ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম।
মেহেরপুর জেলা নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্যানুযায়ী ভোট না পাওয়া প্রার্থীরা হলেন ৪ নম্বর ওয়ার্ডের নাহিদ হাসান খান, ৬ নম্বর ওয়ার্ডের রেজাউল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের বশির আহমেদ, ৯ নম্বর ওয়ার্ডের জাহিদুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ডের মনিরুল ইসলাম, ১২ নম্বর ওয়ার্ডের এস এম আমিনুল বারী, ১৪ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলাম, ১৫ নম্বর ওয়ার্ডের হাবিব উল্লাহ, নিহাজ উদ্দীন মালিথা ও মাসুদ পারভেজ এবং সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের সুফিয়া আক্তার ও ৩ নম্বর ওয়ার্ডের সাহেরা খাতুন। নিজেদের ভোট দেওয়ার বিধান না থাকায় শূন্য ভোট নিয়ে বাড়ি ফিরতে হয়েছে ওই প্রার্থীদের।
নাম প্রকাশ না করার শর্তে একজন ভোটার বলেন, ‘আমার ভোট আমি দেব, দেখেশুনে, বুঝে দেব। যিনি সৎ, যোগ্য ও এলাকার উন্নয়ন করবেন, তাঁকেই ভোট দিয়েছি। ওই প্রার্থীদের এমন মনে না হওয়ায় ভোট দিইনি।’
কয়েকজন প্রার্থী বলেন, প্রতীক বরাদ্দের পর নাওয়া-খাওয়া ভুলে তাঁরা ছুটেছেন ভোটারদের দ্বারে দ্বারে। অনেকেই ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কেউ কথা রাখেননি।