প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশকে কেন্দ্র করে নগর আওয়ামী লীগের বিবদমান নেতারা এক মঞ্চে এসে সভা করেছেন। গতকাল মঙ্গলবার নগরের মুসলিম হলে এক কর্মিসভায় সব নেতা উপস্থিত হন। তাঁরা ২৮ মার্চের পলোগ্রাউন্ডের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার জন্য কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানান। গতকালের সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সভায় তাঁর প্রতিপক্ষ হিসেবে পরিচিত প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, সভায় ২৮ মার্চের মহাসমাবেশে বিপুল জনসমাগম গঠনের জন্য নগরের প্রতিটি ওয়ার্ড ও থানা এলাকায় গণসংযোগ ও প্রচারণা জোরদার করার সিদ্ধান্ত হয়। নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন প্রথম আলোকে বলেন, ‘পলোগ্রাউন্ডের সভাকে জনসমুদ্রে পরিণত করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বৃহত্তর স্বার্থেই আমরা সবাই এক মঞ্চে এসেছি।’