এক মঞ্চে দারিদ্র্যমুক্ত দেশ গড়ার শপথ সরকারি ও বিরোধী দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুধা ও দারিদ্র্যবিরোধী আন্দোলনে অংশ নিতে এক মঞ্চে সমবেত হলো সংসদের সরকারি ও বিরোধী দল। ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন এবং ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন উভয় দলের নেতারা। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সর্বদলীয় সংসদীয় গ্রুপ ও দারিদ্র্যবিরোধী ক্যাম্পেইন জাতীয় কমিটি আয়োজিত সমাবেশে সাংসদ ও উপস্থিত জনতা এই শপথ নেন। ‘জাতীয় ঐক্য রুখবে দারিদ্র্য’ শীর্ষক এই সমাবেশে সভাপতিত্ব করেন সংসদের স্পিকার আবদুল হামিদ। এতে স্পিকার বলেন, ‘দারিদ্র্যবিরোধী অজস্র কর্মকাণ্ড পরিচালিত হলেও আমরা দেশের দারিদ্র্য ঘুুচাতে পারিনি। এর কারণ অগ্রাধিকারগুলোতে আমরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারিনি। তবে বিরোধী দল ও সরকার দারিদ্র্যবিরোধী কর্মসূচিতে একমঞ্চে কাজ করলে দেশ অবশ্যই সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।’ বিরোধী দলকে সংসদে যাওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘দলতন্ত্র বেশির ভাগ ক্ষেত্রে গণতন্ত্রকে নস্যাৎ করে। তবে দেশপ্রেমে বিশ্বাস থাকলে দলতন্ত্র থেকে মুক্ত হওয়া সম্ভব। আজকের এই সংসদীয় ঐক্য দেখে আমি আশা করব বিরোধী দল সংসদ অধিবেশনে যোগ দেবে।’ সাবেক স্পিকার বিএনপি নেতা জমির উদ্দিন সরকার বলেন, বাংলাদেশ ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দের আটটি লক্ষ্যে পৌঁছে যাবে। ইতিমধ্যে কয়েকটি লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়েছে। দারিদ্র্যকে ‘অপরাধ ও জঙ্গিবাদের উপাদান’ আখ্যা দিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘সরকার ও বিরোধী দলের মত ভিন্ন হতে পারে। কিন্তু দারিদ্র্য ও জঙ্গিবাদ প্রশ্নে আমরা একসঙ্গে হাঁটব।’ ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দের আটটি লক্ষ্যের মধ্যে কয়েকটিতে পৌঁছানো সম্ভব বলে আশা প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। তিনি বলেন, ‘অন্যগুলোতে কাছাকাছি যাওয়া যাবে। আমাদের মূল সমস্যা দারিদ্র্য। এটা দূর করতে হলে কৃষিতে বৈচিত্র্য আনতে হবে।’ বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক বলেন, ‘দারিদ্র্য বিমোচনে আমরা সরকারের সঙ্গে একমত। আজ আমরা স্পিকারের আহ্বানে এক মঞ্চে সমবেত হয়েছি। আশা করি বিরোধী দলের সংসদে যাওয়ার ক্ষেত্রেও তিনি একই রকম ভূমিকা রাখবেন।’ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির বলেন, গণতন্ত্রের অনুপস্থিতিতে দেশে দারিদ্র্যের হার বেড়েছে। সঠিকভাবে সংবিধান অনুশীলন করে গণতন্ত্রের পথে এগিয়ে গেলে দারিদ্র্য বিমোচন সম্ভব।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জাতিসংঘ মিলেনিয়াম ক্যাম্পেইনের এশীয় অঞ্চলের প্রধান মিনার পিম্পল জানান, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের অংশ হিসেবে শিশু মৃত্যুর হার কমায় জাতিসংঘের বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশ। অনুষ্ঠানে সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বাণী পড়ে শোনানো হয়। সবশেষে শপথবাক্য পাঠ করান স্পিকার আবদুল হামিদ। অনুষ্ঠানে উভয় দলের আরও কয়েকজন সাংসদ উপস্থিত ছিলেন।