এক মঞ্চে নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের ছয় প্রার্থী শপথ নিয়েছেন। এলাকাবাসীর উপস্থিতে একই মঞ্চে তাঁরা তাঁদের নিজ নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। গত শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘আগামীর পঞ্চপুকুর’ নামে ওই অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়নের ছাত্রদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব পঞ্চপুকুর।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মোস্তাফিজার রহমান। ওই ছয় প্রার্থী হলেন আওয়ামী লীগের হবিবর রহমান, বিএনপির রফিকুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার, আওয়ামী লীগের বিদ্রোহী মশিউর রহমান প্রামাণিক, আওয়ামী লীগের বিদ্রোহী নাজমুল হক ও স্বতন্ত্র নুরুল আমিন সরকার।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন বলেন, নির্বাচিত প্রতিনিধি যাতে ইশতেহার অনুযায়ী কাজ করেন, এ লক্ষ্যে অনুষ্ঠানটির ভিডিও চিত্র সংরক্ষণ করা হবে।