এক মণ ধানে এক কেজি গরুর মাংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িতে মেয়ে-জামাই আর নাতিরা এসেছে। তাই মাংস কিনতে বাজারে এসেছেন শামসুল নামের এক কৃষক। কিন্তু মাংসের দাম দেখে তাঁর মাথায় হাত। কেননা এক কেজি মাংসের দাম এক মণ ধানের সমান।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে আজ শুক্রবারের দৃশ্য এটি। এখানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। আর এখানকার কৃষকেরা প্রতি মণ ধান বিক্রি করেছেন ৪২০ থেকে ৪৫০ টাকা।

চলতি বোরো মৌসুমে ভালো ফলন পেয়েও মন ভালো নেই রায়গঞ্জ উপজেলার কৃষকদের। কষ্টের ধান বিক্রি করে খরচের টাকাই উঠছে না তাঁদের। এমনকি এক কেজি গরুর মাংসের দাম এক মণ ধানের দামের সমান হওয়ায় তাঁদের দুঃখটা আরও বেশি।

ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রামের কৃষক শামসুল হক বলেন, কৃষকের উৎপাদিত ধান বিক্রির সময় দাম পাওয়া যায় না কিন্তু পরে ঠিকই দাম বাড়ে। এবার তিনি প্রতি মণ ধান তিনি ৪২০ থেকে ৪৫০ টাকায় বিক্রি করেছেন বলে জানান।

ধানগড়া এলাকার কৃষক মিজানুর রহমান। তিনি বলেন, ফলন ভালো হলেও দাম কম হওয়ায় এবারও ধান উৎপাদন করতে গিয়ে কৃষকের লোকসান গুনতে হয়েছে। প্রতি মণ ধান ৪০০ থেকে ৪২০ টাকায় বিক্রি করেছেন জানিয়ে তিনি বলেন, বাজারে এক কেজি গরুর মাংস ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বোরো মৌসুমে উপজেলার নয়টি ইউনিয়নে প্রায় ২৩ হাজার হেক্টর জমিতে ধান আবাদ করা হয়।