এক মণ ধানে এক কেজি গরুর মাংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক মণ ধান বিক্রি করে সেই টাকায় মিলছে এক কেজি গরুর মাংস। ফলে চলতি মৌসুমে বোরোর ভালো ফলন পেয়েও দাম কম হওয়ায় হতাশ উপজেলার কৃষকেরা। ধান বিক্রি করে খরচের টাকাই উঠছে না তাঁদের।
গতকাল শুক্রবার উপজেলার ধানগড়া বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৪০০ টাকা। মাংস কিনতে আসা তিনজন কৃষক বললেন, বাড়িতে অতিথি আসায় মাংস কিনতে এসেছেন তাঁরা। এক মণ ধান বিক্রি করে সেই টাকা দিয়ে এক কেজি গরুর মাংস কিনতে পারছেন।
ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রামের কৃষক শামসুল হক বলেন, ধান মজুত করে রাখলে পরে ঠিকই দাম বাড়ে। কিন্তু ঋণ থাকায় তা পরিশোধের জন্য বেশির ভাগ কৃষককেই ধান বেচে দিতে হয়। তিনি প্রতি মণ ধান ৪২০ থেকে ৪৫০ টাকায় বিক্রি করেছেন।
ধানগড়া এলাকার কৃষক মিজানুর রহমান বলেন, ফলন ভালো হলেও দাম কম হওয়ায় এবারও ধান উৎপাদন করতে গিয়ে কৃষকদের লোকসান গুনতে হয়েছে। প্রতি মণ ধান তাঁরা ৪০০ থেকে ৪২০ টাকায় বিক্রি করেছেন। বাজারে এক কেজি গরুর মাংসও বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, উপজেলায় মোট কৃষিজমির পরিমাণ ২৩ হাজার হেক্টর। এর মধ্যে ২১ হাজার ৩৬০ হেক্টর জমিতেই বোরোর চাষ হয়েছে। ফলনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ১ লাখ ২৯ হাজার ৭৬২ মেট্রিক টন। লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদনও হয়েছে। সরকারিভাবে ৯২০ টাকা মণ দরে কেনা হচ্ছে মোট ৩ হাজার ২ মেট্রিক টন ধান। সরকারিভাবে কেনা এই ধানের পরিমাণ মোট উৎপাদনের মাত্র ২ দশমিক ৩ শতাংশ।
উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক বলেন, এই সময়টায় সবাই একযোগে ধান বিক্রি শুরু করেন। যে কারণে বাজারে দাম কম হয়। পরে ধানের দাম আবার বাড়তে থাকবে। সরকারিভাবে ধান কেনা শুরু হয়েছে। কৃষি কার্ডধারীদের মধ্যে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে মোট তিন হাজার দুই মেট্রিক টন ধান কেনা হবে।