এক মণ ধানে মিলছে না এক কেজি মাংস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক মণ ধান বিক্রির টাকায় এক কেজি খাসির মাংসও কেনা যাচ্ছে না। উপজেলার সদরের বাজারসহ বিভিন্ন বাজারে এক কেজি খাসির মাংস সাড়ে পাঁচ শ থেকে ছয় শ টাকায় বিক্রি হচ্ছে। আর এক মণ বোরো ধানের দাম সাড়ে চার শ থেকে পাঁচ শ টাকা। এ কারণে বোরো উৎসবেও সাধারণ কৃষক পাচ্ছেন না খাসির মাংসের স্বাদ। যদিও কেজিপ্রতি গরুর মাংস মিলছে চার শ থেকে সাড়ে চার শ টাকায়।
শুধু নিকলী নয়, রাজশাহী, রংপুর, বগুড়া ও গাইবান্ধায় ধানের দাম নিয়ে হতাশ কৃষকেরা। কম দামে ধান বিক্রি করে লোকসান গুনছেন তাঁরা।
নিকলীর আলিয়াপাড়া গ্রামের কৃষক নুরুল ইসলাম আক্ষেপ করে বলেন, ‘এক মণ ধানে এক কেজি মাংস পাওয়া যায় না। ধান বেচেয়া কামলা আর মানুষের ঋণ পরিশোধ করতেই টাকা শেষ।’ একই গ্রামের শমসের মিয়া বলেন, ‘গত শনিবার এক মণ বোরো ধান ৪০৫ টাকায় বিক্রি করে নিকলী সদর বাজারে গিয়ে দেখি, এক কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ছয় শ টাকায়। বাধ্য হয়ে মাংস না নিয়ে খালি হাতেই বাড়িতে ফিরে আসি।’
শনিবার উপজেলার বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেল, নতুন বোরো মোটা ধান প্রতি মণ চার শ টাকা ও চিকন ধান পাঁচ শ টাকায় বেচাকেনা হচ্ছে।
রংপুরের বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ী গ্রামের কৃষক আলমগীর হোসেন (৩৫) জানান, ৬০ শতক জমিতে ধান চাষ করে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। ধান পেয়েছেন ৩২ মণ। গতকাল ওই ধান বিক্রি করেছেন ৩০০ টাকা মণ (২৮ কেজি) দরে ৯ হাজার ৬০০ টাকায়। এতে তাঁর লোকসান হয়েছে পাঁচ হাজার ৪০০ টাকা।
গত মঙ্গলবার বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে জানা গেছে, প্রতি মণ (২৮ কেজি) বোরো ধান বিক্রি হয়েছে সর্বোচ্চ ৩২০ টাকা দরে।
গাইবান্ধায় বোরোর ভরা মৌসুমে হাটবাজারে ধানের ক্রেতা নেই বললেই চলে। কৃষকেরা প্রতিমণ বিআর-২৮ ও ২৯ জাতের ধান ৪৬০ থেকে ৫০০ টাকায় ফড়িয়া মহাজনদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। গতকাল গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর হাটে গিয়ে দেখা গেল, কৃষক ধান নিয়ে বসে আছেন, কিন্তু ক্রেতা নেই। কৃষক লাল মিয়া (৪৫) বললেন, ‘সকাল থাকি দুই মণ ধান বেচপ্যার জন্নে হাটোত বসি আচি। ধান বেচি কামলার দাম দেমো। কিন্তু কাউয়ো দাম করে নাই।’
নীলফামারীর কৃষকেরা বলছেন, সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু না হওয়ায় বাজারে দাম পাওয়া যাচ্ছে না। জেলা সদরের সুবর্ণ খুলি গ্রামের কৃষক মকছেদুল ইসলাম বলেন, ‘আট বিঘা জমিতে বিআর-২৮ জাতের ধান চাষ করেছি। প্রতি বিঘায় ফলন হয়েছে ১৫ থেকে ১৬ মণ। ৭৫ কেজি ওজনের বস্তা সাড়ে সাত শ টাকা দরে বিক্রি করেছি ১২ বস্তা ধান। বিঘায় উৎপাদন খরচ হয়েছে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা।’
রাজশাহীর তানোর উপজেলার কালীগঞ্জ হাট ওই এলাকার বড় ধানের হাট। গত মঙ্গলবার কালীগঞ্জ হাটে বিআর ২৮ জাতের ধান সাত শ থেকে সাড়ে সাত শ টাকা মণ দরে বিক্রি হয়েছে। মোটা ধান বিক্রি হয়েছে আরও কম দামে। ওই এলাকার চাষি এমরান আলী বলেন, এত কম দামে ধান বিক্রি করে খরচও উঠছে না।
বগুড়ায় নন্দীগ্রামের রনবাঘা এবং দুপচাঁচিয়ার ধাপেরহাটে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি মণ মোটা ধান ৪৬০ থেকে ৪৭০, জিরাশাইল ৫৮০ থেকে ৬০০, বিআর-৩২ জাতের ধান ৪৯০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হয়েছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন রাজশাহী অফিস এবং বগুড়া, গাইবান্ধা, নীলফামারী, বদরগঞ্জ (রংপুর), তারাগঞ্জ (রংপুর) ও নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি}