এক মণ্ডপেই ৪৫১ প্রতিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের শিকদারবাড়ির পূজামণ্ডপে সারি সারি প্রতিমা। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো
বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের শিকদারবাড়ির পূজামণ্ডপে সারি সারি প্রতিমা। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো

বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের শিকদারবাড়ির পূজামণ্ডপ এ বছর শারদীয় দুর্গোৎসবে বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। এই মণ্ডপে দেবী দর্শনে ছুটে এসেছেন মন্ত্রী, সাংসদ থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও।
ওই মণ্ডপে দুর্গাপূজার প্রচলিত দেবদেবীর প্রতিমার পাশাপাশি রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনি ও চরিত্রকে তুলে ধরে ৪৫১টি প্রতিমা স্থাপন করা হয়েছে। আয়োজকদের দাবি, প্রতিমার সংখ্যার দিক থেকে এ বছর দেশের সব থেকে বড় পূজামণ্ডপ এটি। এবার জেলার নয়টি উপজেলায় ৫৮১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মহিষাসুর বধকারী দশভুজা দুর্গা দেবীর সংহার রূপ ও তাঁর দুই পাশে সন্তানকুল কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী নিজ বাহনে মহিমান্বিত—এটাই পূজামণ্ডপের চিরচেনা রূপ। কিন্তু শিকদারবাড়ির মণ্ডপ এসব দৃশ্য ছাড়াও সাজানো হয়েছে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনির চরিত্র নিয়ে তৈরি প্রতিমা দিয়ে। সেখানে আছে সীতার বনবাস, সীতা অপহরণ, রাম-রাবণ যুদ্ধ, গড়ুরের কাহিনি, দুষ্টু গোপাল, শ্রীকৃষ্ণের লীলা, মহাবীর অর্জুন, ভ্রাতা ভীমসহ মহাভারতের বিভিন্ন চরিত্র। মন্দিরসংলগ্ন পুকুরে আছে আলোকসজ্জিত ৩২ ফুট উঁচু হনুমানজির প্রতিমা। শিকদারবাড়ির এই ব্যতিক্রমী পূজার আয়োজক ব্যবসায়ী দুলাল শিকদার দাবি করেন, এ বছর দেশের মধ্যে তাঁদের মণ্ডপেই সর্বোচ্চসংখ্যক প্রতিমা থাকছে। জাঁকজমক আর আলোকসজ্জাও মুগ্ধ করবে দর্শনার্থীদের। শিকদারবাড়ির এই প্রতিমা তৈরি করেছেন রাজবাড়ীর কার্তিক শর্মাসহ তাঁর ১৫ সহযোগী।
দুলাল শিকদার বলেন, গত সোমবার হেলিকপ্টারে এসে এ মণ্ডপে পূজা উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় কমিটির সদস্য সাংসদ ইলিয়াস মোল্লাহ ও বাগেরহাট-২ আসনের সাংসদ শওকাত আলী বাদশা। মঙ্গলবার মণ্ডপ ঘুরে গেছেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান ও র্যাব-৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম। গতকাল বুধবার মহাষ্টমীতে মণ্ডপে আসেন অভিনেত্রী অপু বিশ্বাস।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের জন্য জেলা ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।