এক মনিরের নামে ১৩৭ প্রকল্পের চেক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩-১৪ অর্থবছরে ঢাকা জেলা পরিষদের বাস্তবায়ন করা প্রকল্পগুলোর মধ্যে ১৩৭টি প্রকল্পের চেক গ্রহণ করেছেন মনির নামে এক ব্যক্তি। টাকার পরিমাণ ২ কোটি ৭৭ লাখ। কালাম নামে আরেক ব্যক্তি নিয়েছেন ১১০টি প্রকল্পের চেক। বরাদ্দের পরিমাণ ২ কোটি ২০ লাখ টাকা। খালেদ নামে এক ব্যক্তি ২৫টি প্রকল্পের অনুকূলে ৫০ লাখ টাকার চেক গ্রহণ করেছেন। আর জেলা পরিষদের এমএলএসএস কমেট চন্দ্র মণ্ডল ৭টি প্রকল্পের অনুকূলে ১০ লাখ টাকার চেক নিয়েছেন।
তথ্য অধিকার আইনে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা পরিষদের সরবরাহ করা প্রকল্প বাস্তবায়নের তালিকা থেকে এসব তথ্য পাওয়া গেছে। তাঁদের নামে ওই সব চেক অনুমোদন দিয়েছেন জেলা প্রশাসক হাসিনা দৌলা। জেলা পরিষদের সরবরাহ করা তথ্যে এমএলএসএস ছাড়া বাকি তিনজনের পুরোনো নাম ও ঠিকানা দেওয়া হয়নি।
নিয়ম অনুযায়ী, প্রকল্প কমিটির মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্প বা প্রতিষ্ঠানের চেক গ্রহণ করার কথা ওই প্রতিষ্ঠানের প্রধানদের। প্রাপ্ত তথ্য বলছে, জেলা পরিষদের বাস্তবায়ন করা ২০১৩-১৪ অর্থবছরের ২ হাজার ২৪৫টি প্রকল্পের অধিকাংশই বাস্তবায়ন করা হয়েছে প্রকল্প কমিটির মাধ্যমে। বাকি প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে দরপত্রের মাধ্যমে।
১৩৭টি প্রকল্পের চেক গ্রহণকারী ‘মনিরের’ বিষয়ে তথ্যানুসন্ধান করে জানা গেছে, তিনি পরিষদের প্রশাসক হাসিনা দৌলার ঘনিষ্ঠজন। তিনি ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের বহুতকুল গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তাঁর প্রকৃত নাম মাহবুবুর রহমান ওরফে মনির।
মনির চেক নিয়েছেন এমন প্রকল্পের মধ্যে বেশ কয়েকটি মন্দির সংস্কার ও উন্নয়ন প্রকল্প রয়েছে। নিয়ম অনুযায়ী অন্য কোনো ধর্মের লোক মন্দির পরিচালনা কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক হতে পারেন না।
জেলা পরিষদের তথ্যে দেখানো হয়েছে, সাভার পৌর এলাকার উত্তরপাড়ার শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির উন্নয়নের জন্য দুই লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। আর মন্দির কমিটির সভাপতি হিসেবে নাম লেখা আছে তাপস চক্রবর্তীর, কিন্তু ওই মন্দিরের নামে দুই লাখ টাকার চেক গ্রহণ করেছেন মনির।
উত্তরপাড়ায় গিয়ে তাপস চক্রবর্তী নামে একজনকে খুঁজে পাওয়া গেছে। তবে তিনি প্রথম আলোকে বলেন, তাঁদের এলাকায় শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির নামে কোনো প্রতিষ্ঠান নেই।
একইভাবে আশুলিয়ার কাঠগড়া এলাকার অরবিন্দ যুব সংঘ, বিভাবুস যুব সংঘ, অস্থবির যুব সংঘ, পরোধি যুব সংঘ ও সবিতা যুব সংঘ উন্নয়নের নামে ১০ লাখ টাকা বরাদ্দ দেখানো হয়েছে। এসব প্রকল্পের চেকও গ্রহণ করেছেন মনির।
এ ব্যাপারে কথা বলার জন্য মনিরের একাধিক মুঠোফোন নম্বরে যোগাযোগ করে তা বন্ধ পাওয়া যায়। আত্মগোপনে থাকায় তাঁর সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি।
১১০ প্রকল্পের চেক নেওয়া কালাম, ২৫ প্রকল্পের অর্থ নেওয়া খালেদ সম্পর্কে কোনো তথ্যই আর পাওয়া যায়নি। কারণ, ঢাকা জেলা পরিষদ তাঁদের পূর্ণ নাম-ঠিকানা সরবরাহ করেনি।
আর ১০ লাখ টাকার চেক গ্রহণ করেছেন কমেট চন্দ্র মণ্ডল। তিনি জেলা পরিষদের এমএলএসএস। বর্তমানে ঢাকার দোহারে জেলা পরিষদের ডাকবাংলোতে কর্মরত আছেন তিনি।
জেলা পরিষদের দেওয়া প্রাপ্ত তথ্যে দেখা যায়, কমেট চন্দ্র মণ্ডল সাভারের বায়তুল মামুর জামে মসজিদ, আশুলিয়ার কলতাসূতি মরিচাকাটা জামে মসজিদ, কন্ডার শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, সাভার তালবাগ মুসলিম কবরস্থান, বাড্ডা সর্বজনীন দুর্গামন্দির, কাতলাপুর বায়তুস সালাম জামে মসজিদ ও ধামরাইয়ের শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের উন্নয়নের নামে বরাদ্দের চেক গ্রহণ করেছেন। কিন্তু এসব প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।
এই কয়েক ব্যক্তির বিপুল চেক গ্রহণের বিষয়ে জানতে চাইলে পরিষদের প্রশাসক হাসিনা দৌলা প্রথম আলোকে বলেন, ‘কারা কখন কোন প্রকল্পের চেক নিয়েছেন, তা আমার পক্ষেÿজানা সম্ভব নয়। ভুয়া প্রকল্প দিয়ে সরকারি টাকা আত্মসাৎ করে থাকলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’