গবেষক ও বিজ্ঞানীদের অবসরের বয়স ৬৭ বছর করা নিয়ে কমপক্ষে পাঁচটি মন্ত্রণালয়ের মধ্যে চলছে চিঠি চালাচালি। মন্ত্রণালয়গুলো সিদ্ধান্ত দিতে না পেরে একে অন্যকে দেখিয়ে দিচ্ছে। আন্তমন্ত্রণালয় সভা ডেকেও বিষয়টি চূড়ান্ত হয়নি।
২০১০ সালের ২৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞানী ও গবেষকদের বয়স বাড়ানোর ঘোষণা দেন। ওই ঘোষণার আলোকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন, ২০১৩ প্রণয়ন করা হয়। এর ১২(৪) ধারায় বলা হয়, বিশেষ মেধা ও যোগ্যতার গবেষকদের উৎসাহিত করা ছাড়াও তাঁদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা ব্যবহারের লক্ষ্যে চাকরির বয়স হবে ৬৭ বছর।
বয়স বাড়ানোর এ প্রক্রিয়ার সঙ্গে আইনের ব্যাখ্যা জড়িত থাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিধি ও প্রবিধান প্রণয়নের লক্ষ্যে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চায়। তা ছাড়া ৫৯ থেকে একসঙ্গে আট বছর বয়স বাড়ানো যৌক্তিক হবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে৷ এরপর সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কে হবে, তা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে বিভিন্ন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বয়স বাড়াতে আইন করলেও গবেষকের সংজ্ঞা ঠিক করেনি। মৌলিক গবেষণা, গবেষণার সুফল এবং আন্তর্জাতিক সাময়িকীতে মানসম্মত প্রবন্ধ প্রকাশিত না হলে তাঁকে গবেষক বলা যায় না।
তিনটি প্রশ্ন, জবাব নেই: আইন করে বয়স ৬৭ বছর করা হলেও কারা এ সুবিধা পাবেন তা নিয়ে সৃষ্টি হয়েছে মতপার্থক্য। এ প্রসঙ্গে তিনটি মৌলিক প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এগুলো হচ্ছে বয়স বাড়ানোর বিষয়টি কে নির্ধারণ করবে এবং এ বিষয়ে সিদ্ধান্ত কে দেবে? যাঁদের চাকরির বয়স বাড়বে তাঁদের স্বেচ্ছা অবসর, বাধ্যতামূলক অবসর এবং অবসরোত্তর ছুটির সুবিধা কীভাবে ঠিক হবে? এ ছাড়া সরকারের কোনো পরিষদের সদস্য বা প্রতিষ্ঠানের পরিচালক গবেষক হিসেবে গণ্য হবেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
আইনের পরামর্শ চেয়ে আশাহত: আইনি পরামর্শ চেয়ে বিজ্ঞান মন্ত্রণালয় চিঠি দিলেও আইন মন্ত্রণালয় মতামত না দিয়ে গত ৪ মার্চ আন্তমন্ত্রণালয় সভা ডাকে। সভা থেকে মেধা ও যোগ্যতার মানদণ্ড নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা বা সিদ্ধান্ত চেয়ে বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। যুক্তি হিসেবে বলা হয়, বিষয়টি আন্তমন্ত্রণালয়-সংক্রান্ত হওয়ায় সব মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নিয়ে মন্ত্রিপরিষদ কর্তৃক বিষয়টি নিষ্পত্তি হওয়া বাঞ্ছনীয়।
অপারগ মন্ত্রিপরিষদ: আইন মন্ত্রণালয়ের ওই পরামর্শের আলোকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গত ২৫ মার্চ বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। আইন মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী এ চিঠি দিয়ে আবারও হতাশ হয় বিজ্ঞান মন্ত্রণালয়। গত ১৫ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়ে দেয়, প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ই বিধি প্রণয়ন করতে পারে। এ বিষয়ে এককভাবে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক পরামর্শ দেওয়া সমীচীন হবে না।
অন্যান্য মন্ত্রণালয়ের সম্পৃক্ততা: বিজ্ঞানীদের বয়স বাড়ানোর সঙ্গে কয়েকটি মন্ত্রণালয় জড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি দিয়ে বয়স বাড়ানোর বিষয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়েছে।
এ ছাড়া গবেষক ও বিজ্ঞানীদের বয়স বাড়ানোর সঙ্গে কৃষি মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গবেষকদের সঙ্গে প্রযুক্তিবিদদের সম্পৃক্ত করার প্রক্রিয়া চলছে।
আবেদন আসছে, জবাব মিলছে না: প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইন হওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে কর্মরত বিজ্ঞানী ও গবেষকেরা চাকরির বয়স বাড়ানোর আবেদন করছেন। কিন্তু এ প্রক্রিয়ায় জড়িত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মিন্ত্রপরিষদ বিভাগ, আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ কোনো মন্ত্রণালয় বা বিভাগ এর জবাব দিতে পারছে না।
জানতে চাইলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব খোন্দকার এম আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে করণীয় ঠিক করার চেষ্টা চলছে। এক প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা শুধু বিজ্ঞান মন্ত্রণালয়ের বিষয় নয়। অন্যান্য মন্ত্রণালয়েও বিজ্ঞানী ও গবেষক আছেন। তাঁদের জন্য বিজ্ঞান মন্ত্রণালয় বিধি করে দিতে পারে না। এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, সবাই মিলে এ বিষয়ে আইন করতে হবে। এটা না হওয়া পর্যন্ত বয়স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই৷